তোলাবাজি–মারধরের অভিযোগে পুলিশের জালে রায়না-২ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি ‘বাপ্পা’, নবাবহাটের রেনেসাঁ থেকে গ্রেপ্তার


তোলাবাজি–মারধরের অভিযোগে পুলিশের জালে রায়না-২ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি ‘বাপ্পা’, নবাবহাটের রেনেসাঁ থেকে গ্রেপ্তার

এবার তোলাবাজি ও মারধরের অভিযোগে পূর্ব বর্ধমানের রায়না-২ ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন ওরফে ‘বাপ্পা’কে গ্রেপ্তার করল মাধবডিহি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার গভীর রাতে বর্ধমানের নবাবহাট এলাকার রেনেসাঁ থেকে তাকে আটক করা হয়। পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তিনি গা-ঢাকা দিয়ে ছিলেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া তোলাবাজি ও মারধরের অভিযোগের তদন্ত চলছিল বলে পুলিশ সূত্রের দাবি।
রবিবার সকালে ধৃতকে কোমরে দড়ি পরিয়ে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতের কাছে হেফাজতের আবেদন জানিয়েছে।
এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে রায়না সহ পূর্ব বর্ধমান জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, এতদিন সে গা ঢাকা দিয়ে ছিল। তবে এই ঘটনায় ধৃত নেতা কিংবা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।