1
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে উল্লসিত বর্ধমানবাসী
দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত জয়লাভ করায় উল্লাসে ফেটে পড়লেন বর্ধমানের বাসিন্দারা। ভারতের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। শক্তিশালী নিউজিল্যান্ড দলকে হারানো ভারতের কাছে এদিন ছিল একটা কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হন ভারতের খেলোয়াড়রা। সম্পূর্ণ টিম গেমের মাধ্যমে এক ওভার বাকি থাকতেই ভারতীয় দল তাদের প্রয়োজনীয় রান তুলে নেয়। ব্যাটে বলে ফিল্ডিংয়ে ভারতীয় খেলোয়াড়দের অসাধারণ কৃতিত্ব দূরদর্শনের পর্দায় বারবার ফুটে ওঠার সময়, বর্ধমানের আট থেকে আশি সব বয়সের মানুষদেরই উল্লাসিত হতে দেখা যায়। শহরের কার্জন গেট এলাকায় জায়েন্ট স্ক্রিনে এদিন খেলা দেখার জন্য অগণিত শহরবাসী উপস্থিত হয়েছিলেন। এদিন রাতে নাচে গানে স্লোগানে পুরো এলাকাটি জনপ্লাবনের রূপ নেয়।
2
ভুয়ো ভোটার বাছতে ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি পর্যবেক্ষণের কাজ শুরু হলো খণ্ডঘোষ ব্লকে
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভাটি দক্ষিণ দামোদর এলাকায় অবস্থিত। এলাকায় ভুয়ো ভোটার বাছতে স্থানীয় বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা পর্যবেক্ষণের কাজ শুরু হয়েছে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এ ব্যাপারে ২৭ ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের দলীয় সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পরই, এই কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে সফল হয়েছে ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারের ঢুকিয়ে। অর্থাৎ যে রাজ্যে ভোট হচ্ছে সেই রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটারদের নাম যুক্ত করে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ফলে সেইসব এলাকায় বিজেপির প্রার্থীরা জয়লাভ করেছেন। কিন্তু পশ্চিমবঙ্গে সেটা সম্ভব হবে না। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির এই মিথ্যাচার আগেই ধরে ফেলেছেন। এ বিষয়ে তিনি সারা রাজ্যের প্রত্যেক দলীয় নেতৃত্ব ও কর্মীকে সতর্ক করেছেন। তাই এখন থেকেই ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি পর্যবেক্ষণের কাজ শুরু হয়েছে। খণ্ডঘোষ ব্লকে দলের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে আলোচনার মাধ্যমে এই কাজ কিভাবে করা হবে সে বিষয়ে দিকনির্দেশ করা হয়েছে। এ খবর জানিয়ে অপার্থিব ইসলাম বলেন, অত্যন্ত গুরুত্ব সহকারে এই ব্লক এলাকায় দলের নেতৃত্ব ও কর্মীরা তাদের কাজ শুরু করে দিয়েছেন।
3
আমার পাঠশালার পক্ষ থেকে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস
বর্ধমান শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা হলো ” আমার পাঠশালা “। সমাজকল্যাণমূলক কর্মে নিয়োজিত এই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্থানীয় নবাবহাট সংলগ্ন গোদা তালপুকুরে “আমার পাঠশালা” প্রাঙ্গণে পালন করা হলো “আন্তর্জাতিক নারী দিবস” l এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা রুবি চক্রবর্তী, শ্রাবণী কুমার, পাঠশালার শিশুদের অভিভাবিকাগণ এবং পাঠশালা-র পক্ষ থেকে সন্দীপ পাঠক, তপন পাল, স্বপন ঘোষ প্ৰমুখ l অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের অভিভাবিকাদের স্মারক, উত্তরীয় ও পাঠশালার ক্যালেন্ডার দিয়ে সম্মানিত করা হয় l অতিথিদের পক্ষ থেকে পাঠশালার শিশু এবং তাদের অভিভাবিকাদের মধ্যে কেক এবং চকলেট বিতরণ করা হয়। “আমার পাঠশালা”-র এই উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ। তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবসের বিষয়টি এখন থেকেই শিশু মনে প্রভাব বিস্তার করতে পারলে সামাজিক ক্ষেত্রে তার গুরুত্ব বাড়বে। আগামী দিনে এই সমাজ গঠনে পিছিয়ে পড়া পরিবারের সদস্যরা আরও বেশি করে এগিয়ে আসবেন বলেই মনে করেন তারা।
4
ভোটার তালিকা পর্যবেক্ষণ নিয়ে বৈঠক জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের
রাজ্যেজুড়ে ভুয়ো ভোটার নিয়ে আগেই সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুয়ো ভোটারের অনুসন্ধানের জন্য তিনি রাজ্যে একটি কোর কমিটিও গড়ে দিয়েছেন। সারা রাজ্যজুড়ে ভুয়ো ভোটার খোঁজার কাজ শুরু করে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। ৮ মার্চ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে স্থানীয় টাউন হলে একটি মিটিং করে জেলার সর্বস্তরে বার্তা দেওয়া হয়। সেই মতো ৯ মার্চ জামালপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই ব্লকের সব গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান, অঞ্চল সভাপতি, সমস্ত শাখা সংগঠনের সভাপতি ও বুথ সভাপতিদের নিয়ে বিধায়ক অলোক কুমার মাঝির উপস্থিতিতে মিটিং করলেন ব্লক সভাপতি মেহেমুদ খান। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক সহ জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা ও শোভা দে। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেমন নির্দেশ দেবেন সেই রকমই কর্মসূচী নেবেন তারা।
মেহেমুদ খান বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ভোটার তালিকায় ভুয়ো ভোটার খোঁজার কাজ শুরু হয়েছে। জেলা থেকেও নির্দেশ আসায় তিনি আজ মিটিং করে সকলকে কী করতে হবে সে বিষয়ে বিস্তারিত বলে দেন। এরপর ব্লকের প্রতিটি অঞ্চলে গ্রামে গ্রামে ভোটারদের বাড়ি পৌঁছে ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণ করবেন দলের নেতৃত্ব ও কর্মীরা।


