নিজের এলাকায় ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণে মন্ত্রী II শিবরাত্রিকে কেন্দ্র করে বাবা বর্ধমানেশ্বর মন্দির প্রাঙ্গণে হয়ে গেল সপ্তাহব্যাপী মেলা II পেশ করা হলো বর্ধমান পৌরসভার ২০২৫ – ২৬ অর্থ বর্ষের বাজেট


1
নিজের এলাকায় ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণে মন্ত্রী

এই রাজ্যে ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটারদের নাম ঢোকানো হয়েছে এই অভিযোগ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৭ ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের একদলীয় সভায় এই কথা বলেন মুখ্যমন্ত্রী। তাই এই ভোটার তালিকা নতুন করে পর্যবেক্ষণের জন্য দলের নেতৃত্ব ও কর্মীদের নির্দেশ দেন তিনি। আর তারপর থেকেই রাজ্যজুড়ে ভোটার তালিকা খতিয়ে দেখার জন্য তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা প্রতিটি এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন। এই কাজ শুরু করলেন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ। তিনি এই কাজ শুরু করেন তার নিজের বুথ এলাকায়। সেখানে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে মন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন। ভোটার তালিকায় তাদের প্রত্যেকের নাম আছে কিনা তা খতিয়ে দেখেন। তালিকায় অন্য কোনো জায়গার ভোটারের নাম ঢোকানো হয়েছে কিনা তাও পর্যবেক্ষণ করেন। পরে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই কাজ তারা শুরু করেছেন। তার বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় তিনি যাবেন এবং ভোটার তালিকা খতিয়ে দেখবেন। কোথাও কোনো সমস্যা দেখা দিলে তা লিপিবদ্ধ করে দলের রাজ্যস্তরে যেখানে জানাতে বলা হয়েছে সেখানে তিনি অভিযোগ জানাবেন। তার এলাকায় এই কাজ এখন ধারাবাহিকভাবে চলবে।

2
শিবরাত্রিকে কেন্দ্র করে বাবা বর্ধমানেশ্বর মন্দির প্রাঙ্গণে হয়ে গেল সপ্তাহব্যাপী মেলা

প্রতিবছরের মতো এবছরও শিবরাত্রিকে কেন্দ্র করে বর্ধমান শহরের আলমগঞ্জে বাবা বর্ধমানেশ্বর মন্দির প্রাঙ্গণে বসেছিল মেলা। শিবরাত্রির দিন বাবা বর্ধমানেশ্বরের মাথায় জল ঢালার জন্য হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। তবে তার পরও চলতে থাকে মেলা ও উৎসব। এবারের এই মেলাকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। ছিল নাগরদোলা, টয়ট্রেন থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকান। পাশাপাশি নানান পসরা সাজিয়ে দোকানিরা পুতুল থেকে কাঁসার সামগ্রী সবকিছু নিয়েই বসেছিলেন মেলা প্রাঙ্গণে। শিবরাত্রির পরেও প্রতিদিন সন্ধ্যায় ভক্তেরা এসে প্রণাম করেছেন বাবা বর্ধমানেশ্বরকে। জানা যায়, শ্রাবণ মাসেও এই বাবা বর্ধমানেশ্বরের মাথায় জল ঢালার জন্য বহু ভক্তের সমাগম হয় এখানে।

3
পেশ করা হলো বর্ধমান পৌরসভার ২০২৫ – ২৬ অর্থ বর্ষের বাজেট

৭ মার্চ বর্ধমান পৌরসভার ২০২৫ – ২৬ অর্থ বর্ষের বাজেট পেশ করা হলো। শহরের ৩৫ টি ওয়ার্ডের কাউন্সিলরদের উপস্থিতিতে বোর্ড মিটিংয়ে এই অর্থ বর্ষে ২৯৩ কোটি টাকার বাজেট পেশ করা হয়। পরে এক সাংবাদিক সভায় বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার জানান, বোর্ড অফ কাউন্সিলরদের উপস্থিতিতে এবারের বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এটা বর্তমান পৌর বোর্ডের তৃতীয় বাজেট। এদিনের এই সাংবাদিক সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। পরেশবাবু বলেন, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে বর্ধমান শহরে কার্যকর করার ক্ষেত্রে পৌরসভা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। এর পাশাপাশি পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ প্রতিনিয়ত হচ্ছে। তিনি জানান, বর্ধমান শহরকে সাজিয়ে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনাকে কার্যকর করার লক্ষ্য নিয়ে তারা কাজ শুরু করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বর্ধমান টাউন হল সংস্কার, সর্বমঙ্গলা মন্দিরের পিছনের পুকুরটির সংস্কার, শহরে অম্রুত প্রকল্পের কাজকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া, বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কার করা ইত্যাদি। তিনি জানান, প্রতি মাসে এখানকার কর্মচারীদের মাইনে ও পেনশন বাবদ ৪ কোটি ৪০ লক্ষ টাকা করে খরচা হয়। এই অর্থ ব্যয় করার পর পৌরসভাকে উন্নয়নের কাজ করতে হয়। তাই এখন থেকে পৌরসভা তার আয় বৃদ্ধির জন্য কাউন্সিলরদেরও ভূমিকা রাখার কথা বলেছে। বিভিন্ন ওয়ার্ডে যাদের ট্যাক্স বাকি পড়ে থাকে, সেই ট্যাক্স যাতে সকলে নিয়মিত দেন সেদিকে নজর দিতে বলা হয়েছে। পৌরসভার আয় বৃদ্ধি পেলে শহরে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে। এখানে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে।