1
দুর্গাপুরে ভোটার তালিকা পর্যবেক্ষণে দলীয় কর্মীদের গুরুত্ব দিতে বললেন কীর্তি আজাদ
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দেশবন্ধু ভবনে তৃণমূল কংগ্রেসের একটি কর্মীসভা অনুষ্ঠিত হলো। দুর্গাপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার সহ দুর্গাপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মুখার্জী এবং দুর্গাপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ। এই সভায় কীর্তি আজাদ বলেন, মুখ্যমন্ত্রী ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন। এখানে প্রতিটি এলাকায় এ ব্যাপারে নজর রাখতে হবে। দলের প্রত্যেক নেতৃত্ব ও কর্মীদের সমস্ত বিষয়গুলি পর্যবেক্ষণ করতে হবে। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোট আসলে এখানে প্রচারে আসেন। আর প্রচারে এসে খালি দিদি দিদি বলেন। কীর্তি বলেন, নির্বাচন কমিশন হলো খাঁচায় বন্দি ময়না। তাদের কেন্দ্রীয় সরকার যা করতে বলে তাই করে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের পাশে থেকে আমাদের আগামী বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে।
2
পূর্ব বর্ধমানের হেমাতপুরে সরকারি বাস চলাচলের সূচনা
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের অন্তর্গত হেমাতপুর মোড়ে দুমাস আগে একটি বাসস্ট্যান্ডের উদ্বোধন করা হয়। সেইসময় এই বাসস্ট্যান্ড থেকে কিছু বেসরকারি বাস চলাচল শুরু করে। এতদিন পূর্ব বর্ধমান জেলা সহ অন্যান্য জেলাতে এই বাসগুলি যাতায়াত করতো। এবার এই বাসস্ট্যান্ড থেকে সরকারি বাস চলাচলের সূচনা হলো। সূচনা করলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। হেমাতপুর থেকে বাঁকুড়া পর্যন্ত সরকারি বাস চলাচল শুরু হলো। স্বপন দেবনাথ জানান, এর পরবর্তী পর্যায়ে এখান থেকে দীঘা ও তারাপীঠ পর্যন্ত সরকারি বাস পরিষেবা চালু করা হবে। এ ব্যাপারে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে মন্ত্রী বলেন, বাসস্ট্যান্ডে একটি যাত্রীনিবাস তৈরীর পরিকল্পনা রয়েছে। কারণ পূর্বস্থলী ও পার্শ্ববর্তী নবদ্বীপে বহু বৈষ্ণব তীর্থস্থান রয়েছে। যা দেখার জন্য প্রতিবছরই বহু ভক্তের সমাগম হয়। তাদের রাত্রিযাপনের সুবিধার্থে এই যাত্রীনিবাস তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বপন দেবনাথ।
3
শুরু হলো বর্ধমান টাউন হল সংস্কারের কাজ
বর্ধমান শহরের ঐতিহ্যমন্ডিত টাউন হল সংস্কারের কাজ শুরু করা হলো। ৩ মার্চ থেকে এই সংস্কারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বর্ধমান পুরসভার পুরপ্রধান পরেশ চন্দ্র সরকার। তিনি জানান, এই সংস্কার কাজে প্রাথমিক পর্যায়ে ৩ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয় হবে। এই সংস্কার কার্যের সূচনা পর্বে পুরপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি বলেন, এই হল সংস্কারের কাজ শেষ হলে এখানে সাংস্কৃতিক চর্চা আরও বাড়বে। এরফলে একটা সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠবে। পরেশ চন্দ্র সরকার বলেন, যেহেতু বর্ধমান টাউন হল হেরিটেজ বিল্ডিং, তাই এই হলের বাইরের দিকে কোনো সংস্কার করা হবে না। তবে হলের ভিতর পুরোপুরি ভাবে ঢেলে সাজানো হবে। এখানে সাড়ে তিনশো নতুন আসন থাকবে। থাকবে আধুনিক শৌচালয়, পাশাপাশি গেস্ট রুম। যেখানে শিল্পীরা এসে বিশ্রাম নিতে পারবেন। বিভিন্ন সভা সমিতিতে অতিথি বক্তারা এসেও বসতে পারবেন। এদিকে এই টাউন হল সংস্কারের কাজ শুরু হওয়ায় বর্ধমানের সংস্কৃতি প্রেমী মানুষজন অত্যন্ত আনন্দিত ও খুশি।


