ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা, ২৮-২৯ অক্টোবর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। এর সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও ২৭ থেকে ২৯ অক্টোবর উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে ২৮ ও ২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, সোমবার, ২৬ অক্টোবর ঘূর্ণিঝড়টি পূর্ব-মধ্য ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল। গত ছয় ঘণ্টায় ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে পশ্চিম দিকে এগিয়েছে সেটি। বর্তমানে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ঘণ্টায় ৮৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছচ্ছে।
বুধবার, ২৮ অক্টোবর দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী ইয়ানামের কাছে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। এরপর শক্তি হারিয়ে বৃহস্পতিবার, ২৯ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হয়ে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তির উপর নজর রাখছে আবহাওয়া দপ্তর। বাংলায় সরাসরি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা না থাকলেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।


