1
পোস্ট অফিস স্থানান্তর করার বিরুদ্ধে স্মারকলিপি
পোস্ট অফিস স্থানান্তর করার বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করা হলো। পূর্ব বর্ধমান জেলার কালনা আদালত চত্বর থেকে বহু পুরনো পোস্ট অফিস স্থানান্তরের বিরুদ্ধে শুক্রবার প্রতিবাদ করেন কালনার আইনজীবীরা। এদিন তারা কালনা মহকুমা শাসকের দপ্তরের সামনে সমবেত হয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী প্রভাত কুমার সাহা, মলয় কুমার পাঁজা, অরূপ ভট্টাচার্য, পার্থসারথি কর প্রমুখ। বক্তারা বলেন – ডাক বিভাগের পক্ষ থেকে গত ২৭ শে ফেব্রুয়ারি একটি নোটিশ জারি করে পূর্ব বর্ধমান জেলার সাতটি পোস্ট অফিসকে অন্যান্য বড় পোস্ট অফিসের সঙ্গে মিশিয়ে দেওয়ার নোটিশ জারি হয়। তারমধ্যে কালনা আদালত চত্বরে ১৯৬৫ সাল থেকে চলা পোস্ট অফিসটিও রয়েছে। এই পোস্ট অফিস স্থানান্তর হলে কালনা আদালত সহ এই এলাকার বহু মানুষ বিপাকে পড়বেন। এখান থেকে তিন কিলোমিটার দূরে গিয়ে পোস্ট অফিসের কাজ করতে হবে। আদালতের মামলা মোকদ্দমার প্রতিদিন বহু রেজিষ্ট্রী / স্পিড পোষ্ট, ফিক্স ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট, আরডি করা হয়। কিন্তু পোস্ট অফিস স্থানান্তরিত হলে গুরুত্বপূর্ণ এইসব কাজে ব্যাঘাত ঘটবে। ফলে আইনজীবী সহ বিচারপ্রার্থীরা চরম হয়রানির সম্মুখীন হবেন। আমরা এটা হতে দিতে পারি না। তাই আমরা পোস্ট অফিস স্থানান্তরের বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব বলে উল্লেখ করেন আইনজীবীরা।
2
এসএফআই ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি, উত্তপ্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে নিয়মিত ছাত্রভোট করা, ক্যাম্পাসের অব্যবস্থা এবং আর্থিক অনিয়মের অভিযোগকে সামনে রেখে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসএফআই-এর অভিযান কর্মসূচী ঘিরে উত্তেজনা ছড়াল বর্ধমান শহরে। এসএফআইয়ের আহ্বানে আয়োজিত এই কর্মসূচীকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংগঠনের কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে অভিযোগ।
জানা গেছে, এসএফআইয়ের পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে এই অভিযান কর্মসূচীর আয়োজন করা হয়েছিল। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন হয় না। পাশাপাশি ক্যাম্পাসের পরিচ্ছন্নতা, ফাঁকা পড়ে থাকা সিট এবং আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন এসএফআইয়ের নেতাকর্মীরা। এই সমস্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জবাবদিহি দাবি করতেই এই কর্মসূচী গ্রহণ করা হয় বলে জানা গেছে। শুক্রবার শহর বর্ধমানের কার্জন গেট থেকে এসএফআই-এর একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পৌঁছতেই উত্তেজনা তৈরী হয়। এসএফআইয়ের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ করে দেওয়া হয়। তাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে এসএফআই কর্মীদের বচসা ও ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয় চত্বর রণক্ষেত্রের রূপ নেয়। যদিও পরিস্থিতি কিছুক্ষণ পরেই নিয়ন্ত্রণে আসে।


