দুটি পা অক্ষম, মাটিতে হাতের তালুতে ভর দিয়ে রক্তদান শিবিরে এসে রক্ত দিলেন এক যুবক

দুটি পা অক্ষম, মাটিতে হাতের তালুতে ভর দিয়ে রক্তদান শিবিরে এসে রক্ত দিলেন এক যুবক

২৮ জুন বর্ধমানের দত্ত ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রথম ছোটনীলপুর এলাকার এক অনুষ্ঠান বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংস্থার কর্ণধার সুমিত দত্তের নেতৃত্বে প্রায় ৩০০ জন রক্তদাতার লক্ষ্যমাত্রা নিয়ে এই শিবির শুরু হয়। সংগৃহীত রক্ত টেরিজা ব্লাড ব্যাঙ্ক এবং শরণ্যা ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয়। ছেলে-মেয়ে উভয়েই এই মহতী উদ্যোগে অংশ নেন। তবে এদিনের শিবিরের মূল আকর্ষণ ছিলেন শারীরিকভাবে প্রতিবন্ধী এক যুবক। দুটি পা অক্ষম, হাঁটাচলার ক্ষমতা নেই। তবুও মাটিতে দু’হাতের তালুর উপর ভর দিয়ে একটু একটু করে এগিয়ে এসে রক্তদান করলেন তিনি। তাঁর এই অদম্য ইচ্ছাশক্তি উপস্থিত সকলকে নাড়িয়ে দেয়। চিকিৎসকরা প্রথমে তাঁর শারীরিক অবস্থা দেখে ইতস্তত করলেও, তাঁর মানসিক দৃঢ়তা দেখে শেষ পর্যন্ত রক্ত সংগ্রহ করেন।
সংস্থার কর্ণধার সুমিত দত্ত বলেন, আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করে চলেছি। আমি এখনও পুরোপুরি সেই জায়গায় যেতে পারিনি। কিন্তু যতটুকু চেয়েছি, মানুষের ভালোবাসা যেভাবে পেয়েছি মানুষ এগিয়ে এসেছেন, তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই‌।