‘ইন্দোরের মতো বর্ধমানও হবে গ্রিন সিটি, ক্লিন সিটি’— বার্তা শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রের


‘ইন্দোরের মতো বর্ধমানও হবে গ্রিন সিটি, ক্লিন সিটি’— বার্তা শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রের

ভারতের ইন্দোরের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের মতো বর্ধমানকেও ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় গুরুত্ব দেওয়ার কথা বললেন বর্ধমান দক্ষিণের বিধায়িকা তথা রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র।
২৮ জুন বর্ধমান ভবন কালনা রোড এলাকা থেকে কর্মসূচীর সূচনা হয়। এরপর বর্ধমান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আমবাগান রেলওয়ে কলোনি এলাকায় একটি পুকুর সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিজেই কোদাল হাতে নেমে পড়েন মন্ত্রী। এদিন স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও কর্মীদের সঙ্গে নিয়ে পুকুর সংস্কারের কাজে অংশগ্রহণ করেন মৌমিতা বিশ্বাস মিশ্র। তিনি বলেন, “ইন্দোর যেমন পরিচ্ছন্ন শহর হিসেবে দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে, তেমনই বর্ধমানকেও গ্রিন সিটি, ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষা ও জলাশয় সংরক্ষণে সকলের অংশগ্রহণ অত্যন্ত জরুরি”। এই কর্মসূচীর মাধ্যমে শহরের জলাশয় সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচী অব্যাহত রাখার দাবি জানান।