1
পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মাঠ পরিদর্শন প্রশাসনিক কর্তাদের
পুরুলিয়ার বলরামপুরের কড়াডিতে করম নাচ প্রতিযোগিতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগমনকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। সভার রূপরেখা ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে কড়াডি মাঠ পরিদর্শন করেন উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
দলে ছিলেন মন্ত্রী ড. অজয় কুমার পোদ্দার, নদীয়ার চাঁদ বাউরি, বিদ্যাসাগর চক্রবর্তী, বিবেক রাঙ্গা ও জেলার বিধায়ক-বিধায়িকারা। প্রশাসনিক ও পুলিশি নিরাপত্তা খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন জেলাশাসক সুধীর কণ্ঠম ও পুলিশ সুপার কুমার সানি রাজ।
2
প্রেমিকাকে খুন করে বস্তাবন্দি দেহ বাইকে লোপাটের চেষ্টা, বাঘমুণ্ডিতে হাতেনাতে গ্রেপ্তার প্রেমিক
পুরুলিয়ার বাঘমুণ্ডি-বলরামপুর রোডে প্রেমিকাকে খুন করে বস্তাবন্দি দেহ বাইকে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। পুলিশ সূত্রে অভিযুক্ত অমিত কুমার মাহাতো এবং মৃত তরুণী প্রীতিকা মাহাতো। প্রেমিকা অন্য সম্পর্কে জড়িয়েছে—এই সন্দেহেই খুন বলে প্রাথমিক অনুমান।
শনিবার রাত ১২টা ২৫ মিনিট নাগাদ পিপিএসপি দপ্তরের সামনে টহলরত পুলিশ অমিতের বাইক থামিয়ে পিছনে বাঁধা রক্তমাখা বস্তা দেখতে পায়। জিজ্ঞাসাবাদে অমিত বস্তার ভিতরে প্রেমিকার দেহ থাকার কথা স্বীকার করে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, প্রেমঘটিত টানাপোড়েন ও সন্দেহের জেরেই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।
3
হাড়মাডি প্রাথমিক স্কুলের সামনে বিশাল অজগর উদ্ধার, চাঞ্চল্য
প্রাথমিক বিদ্যালয়ের সামনে আচমকা বিশাল আকৃতির অজগর সাপ চলে আসায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। সাপটির ওজন প্রায় ১৭ কেজি ও লম্বা প্রায় সাত ফুটেরও বেশি। ঘটনাটি ঘটেছে আড়ষা থানার অন্তর্গত হাড়মাডি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোর রাতে হাড়মাডি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বিশাল অজগর সাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ব্যস্ততম এলাকা ও জনবহুল স্কুলের কাছাকাছি সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের মানুষজন। বিলম্ব না করে তড়িঘড়ি খবর দেওয়া হয় আড়ষা বন দপ্তরে।
খবর পাওয়ামাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন বনকর্মীরা। পেশাদার দক্ষতায় তারা সাপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করেন। সাপটি উদ্ধার হওয়ার পর স্বস্তির নিশ্বাস ফেলেন স্থানীয় বাসিন্দারা।
4
টিয়ে পাখি নিখোঁজের পোস্টার, ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা মালিকের
বর্ধমানে পোষ্য টিয়া পাখি ‘মিঠু’ নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজে পেতে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছেন মালিক। পোস্টারে ঘোষণা করা হয়েছে, মিঠুর সন্ধান দিতে পারলেই মিলবে ৫ হাজার টাকা নগদ পুরস্কার।
পোষ্য পাখিকে ফিরে পেতে মালিকের এই উদ্যোগ ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে।
5
পূর্ব বর্ধমানের জামালপুরে গ্রামীণ রাস্তা বন্ধের অভিযোগ, চরম ভোগান্তিতে মানুষ
জামালপুর থানার বেরুগ্রাম পঞ্চায়েতের কনকপুর গ্রামের মনসাতলা এলাকায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তা বন্ধ করে মাচা তৈরির অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। দীর্ঘদিনের এই রাস্তা দিয়ে মানুষ, গবাদি পশু, ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন চলাচল করত।
অভিযুক্তের দাবি, রাস্তাটি তাঁর জমির ওপর দিয়ে গেছে, তাই যাতায়াত করতে দেবেন না। রাস্তা বন্ধ হওয়ায় ধানজমি ও বাঁশবাগানে যাতায়াতেও সমস্যা হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি বা আদালতের নির্দেশ ছাড়াই রাস্তা বন্ধ করা হয়েছে। রাস্তা পুনরায় চালুর দাবিতে পঞ্চায়েত, বিডিও অফিস ও থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা।


