বর্ধমান উত্তরের তৃণমূলের বিধায়ক নিশীথ কুমার মালিকের ঘনিষ্ঠ মাফুজ গ্রেপ্তার
এবার বর্ধমান উত্তরের তৃণমূলের বিধায়ক নিশিথ কুমার মালিকের ঘনিষ্ঠ মাফুজ গ্রেপ্তার। তোলাবাজি ও হুমকির অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের সহযোগী সংগঠন জয়হিন্দ বাহিনীর এক ব্লক সভাপতি মাফুজ। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার তাকে গ্রেপ্তার করে শক্তিগড় থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাফুজ বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিকের ঘনিষ্ঠ বলেই পরিচিত। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তোলাবাজি এবং বিভিন্ন ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠছিল বলে জানা গিয়েছে। সম্প্রতি এই সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শক্তিগড় থানার পুলিশ। তদন্তের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।



