1
শিশু ও মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ স্বেচ্ছাসেবী সংস্থার
বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ধমান জেলার উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে আয়োজিত হয়েছিল দুটি ভিন্ন স্বাদের অনুষ্ঠান। প্রথমে আলমগঞ্জের চালকল বস্তি এলাকার একেবারে অপুষ্ট দুঃস্থ শিশু ও তাদের মায়েদের নিয়ে অন্নপ্রাশন দিবস পালন করা হয়। সোসাইটির সুখ্যাত ডায়েটিশিয়ানরা শিশুদের পুষ্টির মান অর্থাৎ উচ্চতা,ওজন,এম. ইউ. এ. সি. নির্ণয় করেন এবং তাদের হাতে প্রোটিন ও কার্বোহাইড্রেট যুক্ত সুষম আহারের সুসজ্জিত থলি তুলে দেন। ৫০০ গ্রাম সয়াবিন ,৪০০ গ্রাম সুজি ,৫০০ গ্রাম ছাতু তুলে দেওয়া হয়। মোট ৭০ জন শিশুর হাতে একমাসের জন্য এই পুষ্টিকর আহার এবং একটি করে নতুন পোষাক তুলে দেওয়া হয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কনজিউমার প্রোটেকশনের সভাপতিকাজী মহম্মদ গোলাম মঈনুদ্দিন এবং সুনীল কুমার চজ্জর। যিনি সর্বতোভাবে এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
অন্যদিকে ভারতের বৃহত্তম স্বনামধন্য জীবন বীমা কোম্পানি, এলআইসির সহযোগিতায় ভারতের প্রধানমন্ত্রী স্বীকৃত প্রকল্প এলআইসির “মহিলা ক্যারিয়ার এজেন্ট” তথা “বিমা সখী” প্রকল্পকে বাস্তবায়িত করতে অর্থাৎ মেয়েদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার পথ দেখাতে ১৮ ঊর্ধ্ব মহিলাদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এল আই সির প্রতিনিধি ড.অনিন্দ্য সুন্দর মজুমদার জানান ,“ ১৮ ঊর্ধ্ব মহিলাদের আর্থিক নিরাপত্তার কথা ভেবে আজকের এই অনুষ্ঠান।”
সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান,“এক সুপুষ্ট সমাজ গড়ে তোলার লক্ষ্যে আজ অনুষ্ঠান মঞ্চ থেকে ৩ জন গর্ভবতী মহিলাকে আমরা দত্তক নিই। তাদের জন্য পুষ্টিকর আহার থলি প্রত্যেক মাসে মাসে আমরা পৌঁছে দেওয়া সুনিশ্চিত করি। এক সুস্থ, সুপুষ্ট নবজাতকের আশায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।” সংস্থার তরফে অনুষ্ঠানে ছিলেন মনীষা দাস,বিক্রম পাঁজা , প্রীতম ঘোষ, কোয়েল মালিক প্রমুখ।
2
জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনৈতিক কর্মী সম্মেলন
পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল স্থানীয় সংস্কৃতি লোকমঞ্চে। “আলাপচারিতা” শীর্ষক এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অর্পিতা ঘোষ। ছিলেন এই সংগঠনের জেলা সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত, বর্ধমান শহর তৃণমূল মহিলা কংগ্রেস সভাপতি আলপনা হালদার, বিধায়ক অলোক মাঝি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই সভায় অর্পিতা ঘোষ বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য সচেষ্টা রয়েছেন। তারজন্য তিনি নানান প্রকল্পকে কার্যকর করেছেন। তিনি যেভাবে মহিলাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাতে এই রাজ্যের মহিলারা মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান প্রদর্শনের জন্য বারেবারে বিভিন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। অর্পিতা বলেন, সারা দেশের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন এমন একটা মুখ যার সর্বজনগ্রাহ্যতা রয়েছে। তাই আগামী দিনে তাঁকে সামনে রেখেই ভারতবর্ষে বিরোধী রাজনীতিকে ঐক্যবদ্ধ করতে হবে। জাতীয় রাজনীতিতে কংগ্রেসকেও এই বিষয়টা বুঝতে হবে।
3
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো ও অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে বিনামূল্যে টোটো পরিষেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলাজুড়ে এই উদ্যোগ কার্যকর করা হয়েছে বলে জানালেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি সন্দীপ বসু। তিনি বলেন, তাদের এই সংগঠনের পক্ষ থেকে গত বছরও এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এবারও তারা একই প্রচেষ্টা নিয়েছেন। কুড়িটি টোটো কালনা শহরে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন স্কুলে পৌঁছে দিচ্ছে। আর পরীক্ষা শেষে তাদের সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসারও ব্যবস্থা করা হয়েছে। সন্দীপ বলেন, এছাড়াও পরীক্ষা চলাকালীন সময়ে বা পরীক্ষার আগে ও পরে কোনো পরীক্ষার্থী যদি অসুস্থ হয় তারজন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করা হবে এই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে।


