সম্প্রীতির বার্তা বিদ্যালয়ের অনুষ্ঠানে
প্রাথমিকস্তর থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐক্যকে অটুট রাখার জন্য একেবারে হাতেকলমে পাঠ দেওয়া হচ্ছে কলানবগ্রাম সার্কেলের মহেশপুর জুনিয়র বেসিক স্কুলে। ১২ ই মার্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বসন্ত উৎসবে রাধা সাজে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শবনম খাতুন। অন্যদিকে কৃষ্ণের ভূমিকায় দেখা যায় চতুর্থ শ্রেণীর ছাত্র প্রেম বিশ্বাসকে। চারিদিকে যখন ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে নোংরা রাজনীতি চলছে, তখন এই বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত এই মহতী উদ্যোগ বর্তমান সমাজে এক জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করে। যা সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার বার্তাও দেয়। জেলা শিক্ষা প্রশিক্ষণ সংস্থার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তথা সিনিয়র লেকচারার প্রদীপ কুমার বিশ্বাস বলেন, মহেশপুর জুনিয়র বেসিক স্কুলের এদিনের বসন্ত উৎসবটি আক্ষরিক অর্থে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সৃষ্টি করার বার্তা দিল। বসন্ত উৎসব উপলক্ষ্যে এদিন বিদ্যালয়ের কচিকাঁচারা এই উৎসবকে স্মরণ করে নৃত্য , গান, কবিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটিকে রঙিন করে তোলে। অনুষ্ঠানে জেলা শিক্ষা প্রশিক্ষণ সংস্থার শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি ছিল অত্যন্ত মনোমুগ্ধকর।


