পৌরসভার পরিশোধিত জলের ক্যাম্পাসের মধ্যে পৌর কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত কালনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত পৌরসভার পরিশোধিত জলের ক্যাম্পাসের মধ্যে পৌর কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম বিক্রম হাড়ি। তার বাড়ি কালনা পৌরসভার লক্ষীগঞ্জপাড়া এলাকায়। প্রতিদিনের মতোই মঙ্গলবারও তিনি কাজে বেরিয়েছিলেন। পৌরসভার সাফাই বিভাগের বিভিন্ন কর্মীদের নির্দিষ্ট জায়গায় কাজে পাঠিয়ে দেওয়া হয়। পরে পানীয় জলের ফিল্টার স্টেশনেরই জানলার রডে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের পরিবার সূত্রে জানা যায়, তার শরীর খারাপ ছিল। স্ট্রোক হয়ে যাওয়ার কারণে হসপিটালে ভর্তি হয়েছিলেন। কিন্তু তারপর থেকেই তিনি মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলেন। আর সেই কারণেই এইরকম ঘটনা ঘটিয়েছেন বলে অনুমান তাদের। এলাকাবাসীরা দাবি করছেন, পৌরসভার পরিশোধিত জলের ক্যাম্পাসে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হোক।
এদিকে ঘটনার খবর পেয়ে কালনা থানার পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে কালনা হসপিটালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।


