যোগ্য শিক্ষকদের ওপর পুলিশের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে ধিক্কার II বর্ধমানেশ্বর উৎসব কমিটির উদ্যোগে নীল ও চরক পুজোর আয়োজন


1
যোগ্য শিক্ষকদের ওপর পুলিশের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে ধিক্কার।

সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে এই রাজ্যের ২৬ হাজার শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন। এই ঘটনায় সারা রাজ্যের প্রতিটি জেলাতেই এই চাকরিহারা শিক্ষকরা শিক্ষা দপ্তরে স্মারকলিপি জমা দিতে যান। কিন্তু সেখানে তাদের উপরে পুলিশের পক্ষ থেকে বর্বরোচিত আক্রমণের অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে বর্ধমানের কার্জন গেট চত্বরে বুধবার সন্ধ্যায় শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের পক্ষ থেকে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। আয়োজকরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তাদের পক্ষ থেকে বলা হয়, যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের বাছাই করার জন্য এসএসসি কর্তৃপক্ষ অবিলম্বে মিরর ইমেজ প্রকাশ করুন। এর মধ্যে দিয়ে যোগ্য শিক্ষকদের সসম্মানে বিদ্যালয়ে পুনর্বাহলের ব্যবস্থা করতে হবে। তারা বলেন, চাকরিহারা যোগ্য শিক্ষকদের উপরে পুলিশ যেভাবে নির্মম লাঠিচার্জ করেছে, শিক্ষকদের লাথি মেরেছে, তা সাধারণ মানুষকে হতবাক করে দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

2
বর্ধমানেশ্বর উৎসব কমিটির উদ্যোগে নীল ও চরক পুজোর আয়োজন

শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বর উৎসব কমিটির উদ্যোগে এ বছর প্রথম নীল ও চড়ক পুজোর আয়োজন করা হচ্ছে। এই উপলক্ষ্যে এক সাংবাদিক সভার আয়োজন করা হয়েছিল। বর্ধমান গঙ্গাকিশোর ভট্টাচার্য প্রেস কর্ণারে আয়োজিত এই সাংবাদিক সভায় উৎসব কমিটির পক্ষ থেকে বলা হয়, তারা এ বছর প্রথম পরীক্ষামূলকভাবে নীল ও চড়ক পুজোর আয়োজন করছেন। এই চড়ক পুজোকে কেন্দ্র করে অনেক নিয়ম মানতে হয়, ধর্মীয় রীতিনীতি পালন করতে হয়। কিন্তু এ বছরে সেই প্রস্তুতি বিশেষ না থাকায় তারা ছোট আকারে এই উদ্যোগ গ্রহণ করছেন। এখানে কয়েকজন সন্ন্যাসীও থাকবেন যারা চড়ককে কেন্দ্র করে বিভিন্ন ধর্মীয় রীতি মেনে চলবেন। এ বছর এই উৎসব কমিটির উদ্যোগে ইতিমধ্যেই শিবরাত্রি উপলক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছিল। ভবিষ্যতে আরও কিছু উদ্যোগ নেওয়া হবে। সাম্প্রতিককালে তার অন্যতম উদ্যোগের মধ্যে রয়েছে নীল ও চড়ক পুজোর আয়োজন।