1
রসিকপুরে রাস্তার ধারে রোলার উল্টে বিপত্তি
বর্ধমান শহরের রসিকপুর এলাকায় রাস্তার উপর একটি কালভার্ট বা সেতু মেরামতের কাজ চলছিল। এই কাজ করার জন্য পৌরসভার পক্ষ থেকে একটি রোলার নিয়ে আসা হয়। এই রোলারটি কাজ করার সময় হঠাৎই রাস্তার পাশে উল্টে যায়। এর ফলে বেশ খানিকক্ষণ এই মেরামতির কাজ বন্ধ থাকে। পরে ক্রেন নিয়ে এসে এই রোলারটিকে তোলা হয়। এই ঘটনায় ওই পথ দিয়ে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে সাময়িক সমস্যা হয়। তবে রোলারটি খুব দ্রুতই তুলে সোজা করা হয়। পুনরায় এর কাজ শুরু হয়। এদিকে এই ঘটনায় পৌরসভার একটি জলের পাইপ লাইন ভেঙে যাওয়ায় রাস্তার পাশে জল বেরিয়ে যেতে থাকে। এটিও দ্রুত সারানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে পৌরসভার
সূত্রে জানা যায়।
2
অবিরাম ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণের কাজ চলছে
ভোটার তালিকা নিয়ে এক মাসের অধিক কাল ধরে পর্যবেক্ষণের কাজ চলছে শহরের ২৯ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের প্রতিটি পার্টে বাড়ি বাড়ি পৌঁছে ভোটার তালিকা অনুযায়ী ভোটারদের নাম খতিয়ে দেখা হচ্ছে। এই কাজ করছেন স্থানীয় কাউন্সিলর সুশান্ত প্রামাণিক সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। দলের পক্ষ থেকে এখানে এই কাজ একদিনও বাদ দেওয়া হয়নি বলে জানালেন স্থানীয় কাউন্সিলর। তিনি বলেন, আমরা প্রতিদিন বিভিন্ন বাড়িতে পৌঁছে সেই পরিবারের ভোটারদের নাম ভোটার তালিকায় মিলিয়ে দেখছি। কারণ কেন্দ্রের সরকার যারা পরিচালনা করছে সেই বিজেপি বিভিন্ন রাজ্যে ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটারদের নাম ঢুকিয়েছে। এইভাবে কারচুপি করে তারা ইতিমধ্যেই দু তিনটি রাজ্যে ভোটে জয়লাভ করেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তারা তেমনটাই করবে মনে করেছিল। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টিতার ফলে সেটা সম্ভব হয়নি। আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আর তাই তাঁরই নির্দেশ মতো আমরা প্রতিদিন ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণের কাজ চালিয়ে চলেছি।
3
প্রাক্তন কাউন্সিলের অজয় প্রামাণিকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন
বর্ধমান শহরের ২৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন কাউন্সিলর প্রয়াত অজয় প্রামাণিকের প্রয়াণ দিবসে এক শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জামালপুরের প্রাক্তন বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক সহ এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এ প্রসঙ্গে উজ্জ্বল প্রামাণিক বলেন, অজয় প্রামাণিক জামালপুর বিধানসভা কেন্দ্রে দুবার প্রার্থী হয়েছিলেন। একবার কংগ্রেস এবং একবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি প্রার্থী হন। অজয় প্রামাণিক বর্ধমান পৌরসভার ৩০ বছরের কাউন্সিলর ছিলেন। (পজ্)
সুশান্ত প্রামাণিক জানান, অজয় প্রামাণিক বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জোট প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়েছিলেন। স্থানীয় মিঠাপুকুর এলাকায় হৃদয়রোগে আক্রান্ত হয়ে তিনি পরলোকগমন করেন। অজয় প্রামাণিকের আকস্মিক প্রয়াণে দলীয় নেতৃত্ব ও কর্মীরা খুবই মর্মাহত হন। সুশান্তবাবু বলেন, অজয় প্রামাণিকের আন্তরিকতা পূর্ণ ব্যবহার দলীয় সংগঠনকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে খুবই সহযোগিতা করেছে।


