২৫ হাজার ভোটে জিতবো, দাবি খোকনের
বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বর্তমান বিধায়ক খোকন দাসই। দলের রাজ্য নেতৃত্ব তার নাম ঘোষণা করার পর খোকন দাসকে নিয়ে দলীয় অনুগামীরা মিছিল করেন। এরপর এক সাংবাদিক সভায় খোকন দাস বলেন, আমি বিধায়ক থাকাকালীন এই শহরের মানুষের জন্য যে কাজ করেছি, তাতে ২৫ থেকে ৩০ হাজার ভোটে আমি জিতবো। তিনি বলেন, মানুষ আমার কাছ থেকে কাজ পেয়েছেন। যেকোনো বিপদে-আপদে দলমত নির্বিশেষে আমি সব মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমি চাই আমার বিরুদ্ধে কোনো হেভিওয়েট প্রার্থীকে দাঁড় করানো হোক। সিপিএম তো তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। চাইছি বিজেপি কোনো হেভিওয়েটকে এখানে প্রার্থী করুক। আমি জিতে দেখিয়ে দেব যে আমি তার চেয়েও হেভিওয়েট। এই বিধানসভা কেন্দ্রের মানুষই আমাকে ভোট দেবেন। আমাকে নির্বাচিত করবেন। সেই ভরসা – বিশ্বাস তাদের প্রতি আমার রয়েছে। খোকন বলেন, এবারের নির্বাচনে এসআইআর একটা বড় ফ্যাক্টর হবে। আমরা আমাদের নির্বাচনী প্রচারে এসআইআর এর বিষয়টিকে অবশ্যই প্রাধান্য দেব। এসআইআর এর নাম করে যেভাবে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা হয়েছে, অন্যায় ভাবে মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, তাতে সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। আমরা তাদের এই সমস্যার কথা আমাদের ভোটের প্রচারে অগ্রাধিকার দেব। এদিনের সাংবাদিক সভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়, ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।


