২১ জুলাই কলকাতায় শহীদ স্মরণসভা সফলে খন্ডঘোষে মিছিল | শহীদ স্মরণসভাকে সফল করতে দেওয়াল লিখনে কাউন্সিলর


1
২১ জুলাই কলকাতায় শহীদ স্মরণসভা সফলে খন্ডঘোষে মিছিল

২১ জুলাই কলকাতার ধর্মতলায় রাজ্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ স্মরণসভার আয়োজন করা হয়েছে। প্রতিবছর পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লক থেকে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী কলকাতায় পৌঁছন। এবারও তারা পৌঁছবেন। এই শহীদ স্মরণ সভাকে সফল করার লক্ষ্যে তাই ধারাবাহিক প্রচার চলছে ব্লকজুড়ে। এই উপলক্ষ্যে বেড়ুগ্রামে এক মহামিছিলের আয়োজন করা হয়। এই মহামিছিল থেকে একুশের সভাকে সফল করার জন্য ডাক দেওয়া হয়েছে বলে জানালেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম। ১৭ জুলাই খন্ডঘোষ ব্লকের বেড়ুগ্রাম অঞ্চলে একুশে জুলাইয়ের প্রচার মিছিল সংগঠিত হয়। এই মিছিলে অপার্থিব ইসলাম ছাড়াও পা মেলান পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, বেড়ুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পীযূষ সাহা সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। অপার্থিব ইসলাম বলেন, প্রত্যেকদিনই জল বৃষ্টি হচ্ছে। তবু এর মাঝেও হাজার হাজার তৃণমূলের কর্মীরা পথে নেমে একুশে জুলাইয়ের সভাকে সফল করার জন্য সোচ্চার হচ্ছেন। এদিনের মহামিছিলে হাজার হাজার তৃণমূলের নেতৃত্ব ও কর্মী উপস্থিত থেকে শহীদ স্মরণ সভায় যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন। অপার্থিব বলেন, এই শহীদ স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভামঞ্চ থেকে তারা যে দিক নির্দেশ করবেন সেই মতো তারা তাদের নিজেদের এলাকায় ফিরে এসে আগামী দিনে দলকে পরিচালনা করবেন।

2
শহীদ স্মরণসভাকে সফল করতে দেওয়াল লিখনে কাউন্সিলর

পথে নেমে দেওয়াল লিখনের কাজে হাত লাগালেন বর্ধমান শহরের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুন আরা বেগম। ২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এই সভায় যাতে বর্ধমান শহরের ২৬ নম্বর ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত হন তারজন্যই নানান প্রচার কর্মসূচী চলছে। তারই অঙ্গ হিসেবে দেওয়াল লিখন করা হয়েছে এই ওয়ার্ডে। আর সেই কাজে ওয়ার্ডে তৃণমূলের নেতৃত্ব ও কর্মীদের পাশাপাশি হাত লাগিয়েছেন কাউন্সিলর নিজেও। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা প্রতিবছর এখান থেকে বহু সংখ্যক তৃণমূলের নেতৃত্ব ও কর্মী এই দিন কলকাতায় উপস্থিত হই। এবারও আমরা যাব। শহীদ স্মরণসভায় উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি আমরা সেই সভা মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন তাকে পাথেয় করে ভবিষ্যতে দলীয় সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবো।