“আলোর দিশায় শিল্পকলা, চংবাড়ি চিত্রকলা” : ৭২ তম বর্ষে পারবীরহাটা সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো, উপস্থিত মন্ত্রী

“আলোর দিশায় শিল্পকলা, চংবাড়ি চিত্রকলা” : ৭২ তম বর্ষে পারবীরহাটা সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো, উপস্থিত মন্ত্রী

বর্ধমান শহরের পারবীরহাটা সার্বজনীন দুর্গোৎসব কমিটির ৭২তম বর্ষের খুঁটি পুজোর শুভ সূচনা হলো রবিবার। এবারের পুজোর থিম “আলোর দিশায় শিল্পকলা, চংবাড়ি চিত্রকলা”। হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী শিল্পকলাকে তুলে ধরা এবং গ্রামীণ শিল্পীদের তৈরি হস্তশিল্পের মাধ্যমে ক্ষুদ্র শিল্পীদের উৎসাহ দেওয়াই মূল লক্ষ্য।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পুজোর উদ্বোধন করবেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। দর্শনার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা, সুবিশাল তোরণ এবং মহিলা, প্রবীণ ও অসুস্থদের জন্য আলাদা দর্শনের ব্যবস্থা রাখা হবে।

কমিটির সভাপতি রাজেশ চন্দ্র সাহা জানান, হারিয়ে যাওয়া শিল্পকে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তাকেও সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, কমিটির সম্পাদক, উপদেষ্টা ও অন্যান্য বিশিষ্টজন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ চালিয়ে যাওয়াই তাঁদের লক্ষ্য। পাশাপাশি বিরোধীদের সমালোচনার জবাব দিয়ে জনগণের স্বার্থে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তাও দেন।