বারুইপুর এনকাউন্টার-কাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের দাবি, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা
বারুইপুরে পুলিশের তথাকথিত এনকাউন্টারকে ঘিরে কলকাতা হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবিতে এই মামলা করেছেন আইনজীবী শিলাদিত্য রক্ষিত। আগামী ৩০ জুলাই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মামলাকারীর দাবি, বারুইপুরে যে এনকাউন্টারের ঘটনা ঘটেছে, তাতে পুলিশের হেফাজতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সেই ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচারবিভাগীয় তদন্ত অত্যন্ত প্রয়োজন।
এই প্রসঙ্গে আইনজীবী শিলাদিত্য রক্ষিত বলেন, “এই মামলাটি বারুইপুরে সংঘটিত একটি এনকাউন্টারকে কেন্দ্র করে। ঘটনায় পুলিশের হেফাজতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল অপরাধস্থল পুনর্গঠনের জন্য। তাই গোটা ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত হওয়া উচিত।”
৩০ জুলাই মামলাটি আদালতে উঠলে এই বিষয়ে হাইকোর্ট কী নির্দেশ দেয়, সেদিকেই নজর রয়েছে সকলের।


