ডিপ্রেশনে পরিণত নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

ডিপ্রেশনে পরিণত নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলে তৈরী হওয়া নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে ডিপ্রেশনে পরিণত হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর।
আলিপুরের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ডিপ্রেশন আরও ঘনীভূত হয়ে ডিপ ডিপ্রেশনে পরিণত হতে পারে।
বর্তমানে আবহাওয়া ব্যবস্থাটি সাগরদ্বীপের দক্ষিণ-দক্ষিণ-পূর্বে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৭ জুলাই দুপুর নাগাদ পারাদীপ ও সাগরদ্বীপের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ (ল্যান্ডফল) করতে পারে বলে পূর্বাভাস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ডিপ্রেশনের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।