মা সর্বমঙ্গলা মন্দিরে চুরির ঘটনায় বড় সাফল্য, ১৩ দিনের তদন্তে উত্তর ২৪ পরগনা থেকে ধৃত ২

মা সর্বমঙ্গলা মন্দিরে চুরির ঘটনায় বড় সাফল্য, ১৩ দিনের তদন্তে উত্তর ২৪ পরগনা থেকে ধৃত ২

বর্ধমানের ঐতিহাসিক মা সর্বমঙ্গলা মন্দিরে ১৪ জুলাইয়ের দুঃসাহসিক চুরির ঘটনায় বড় সাফল্য পেল বর্ধমান থানার পুলিশ। ১৩ দিনের তদন্তের পর উত্তর ২৪ পরগনা থেকে মহম্মদ আলমগীর সর্দার ও মনিরুল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের বর্ধমান আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে। ১৪ জুলাই গভীর রাতে দুষ্কৃতীরা মন্দিরে ঢুকে চারটি প্রণামী বাক্স ভেঙে টাকা লুটের পাশাপাশি শিব মন্দির থেকে সোনার গয়না, পূজার সামগ্রী ও অন্যান্য মূল্যবান জিনিস চুরি করে।

ট্রাস্টি বোর্ডের অভিযোগের ভিত্তিতে গঠিত বিশেষ তদন্তকারী দল সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা নজরদারির সাহায্যে অভিযুক্তদের শনাক্ত করে। পুলিশের অনুমান, চুরির আগে এলাকায় রেইকি করা হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া বাকি সামগ্রী উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজ চালানো হচ্ছে।