‘পুষ্পা’ কায়দায় ধানবাদে বিপুল পরিমাণ গাঁজা পাচার, পুরুলিয়ায় কলকাতা পুলিশ ও জেলা পুলিশের যৌথ অভিযান, আটক ৭
বিখ্যাত সিনেমা ‘পুষ্পা’-র কায়দায় লরির গোপন জায়গা তৈরি করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক বাঞ্চাল করলো পুলিশ। উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের ধানবাদে পাচারের পথেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং পুরুলিয়া জেলা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হলো আনুমানিক প্রায় ৪০০ কেজি গাঁজা। এই আন্তঃরাজ্য পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উড়িষ্যা থেকে একটি ফাঁকা লরিতে বিপুল পরিমাণ গাঁজা বোঝাই করে ধানবাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল—এমন একটি গোপন খবর পৌঁছোয় কলকাতা পুলিশের এসটিএফের কাছে। খবর পাওয়া মাত্রই এসটিএফের তরফে পুরুলিয়া জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হয়। দ্রুত একটি যৌথ অপারেশন টিম গঠন করা হয়।
এরপরই পুরুলিয়ার বেলকুড়ির কাছে ওঁত পেতে বসে অভিযান চালায় পুলিশ। লরিটি যখন বেলকুড়ির ওপর দিয়ে যাচ্ছিল, তখন সেটিকে থামানো হয়। দেখা যায়, একটি সম্পূর্ণ ফাঁকা লরিকে সামনে এবং পেছনে দুটি ছোট গাড়ি এস্কর্ট করে নিয়ে যাচ্ছে। আপাতদৃষ্টিতে লরিটি ফাঁকা মনে হলেও পুলিশের তীক্ষ্ণ নজর এড়িয়ে রেহাই মেলেনি।
লরিটি তল্লাশি করার সময় দেখা যায়, চালকের পিছনের কেবিন এবং ড্রাইভারের মাথার ওপরের ছাদ অংশের নকশা পরিবর্তন করে তৈরি করা হয়েছিল একটি গোপন প্রকোষ্ঠ। একদম ‘পুষ্পা’ সিনেমার কায়দায় বানানো সেই গোপন অংশ কেটে বের করা হয় বিপুল পরিমাণ গাঁজার প্যাকেট। যার আনুমানিক ওজন প্রায় ৪০০ কেজি।
ঘটনাস্থল থেকেই লরি এবং দুটি এস্কর্ট গাড়ি সমেত মোট সাতজনকে আটক করেছে পুলিশ। আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য কোনো বড় পাচারকারী দল এর পেছনে রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।


