নাদনঘাট থানার উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালন II মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে রক্তদান শিবিরের আয়োজন II দুয়ারে সরকার শিবিরে আগতদের পাশে জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা

1
নাদনঘাট থানার উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালন

২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে। এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষ্যে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নাদনঘাট থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। সারা দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই ঘটে চলেছে পথ দুর্ঘটনা। অনেক ক্ষেত্রে এই পথ দুর্ঘটনায় প্রাণ হারাতে হয় অনেককেই। রাস্তায় বেরিয়ে সামান্য অসতর্কতার জন্য আর ফেরা হয় না ঘরে প্রিয়জনদের কাছে। একটু সাবধানতা অবলম্বন করলে কাউকেই আর পথের বলি হতে হয় না। পথ নিরাপত্তা সপ্তাহে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা ও সচেতনতার প্রচার করাই এই কর্মসূচীর মূল লক্ষ্য বলে নাদনঘাট থানা সূত্রে জানা গেছে। সচেতনতা প্রচারে গুরুত্ব দেওয়া হয়েছে সর্বদা হেলমেট পরে বাইক চালানো, গাড়ির গতি সর্বদা নিয়ন্ত্রণে রাখা, বাইক বা গাড়ি চালানোর সময় ফোনে কথা না বলা, ২ এর অধিক বাইকে আরোহণ না করা, মদ্যপ অবস্থায় গাড়ি বা বাইক না চালানো, ট্রাফিক আইন মেনে চলা ইত্যাদি। সামান্য কিছু সাবধানতা মেনে চললেই এড়ানো যেতে পারে পথ দুর্ঘটনা। পথ নিরাপত্তা নিয়ে নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ জানান, মানুষের মধ্যে পথ নিরাপত্তা সচেতনতা বাড়াতে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম করা হয়। আমাদের কর্মসূচীও পথ নিরাপত্তা নিয়ে মানুষকে সচেতন করার জন্য। এদিন নাদনঘাট থানার পুলিশ কর্মীদের পাশাপাশি সমুদ্রগড় উচ্চ বিদ্যালয় এনসিসি ক্যাডেট ,সিভিক ভলেন্টিয়ার , এলাকার জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষ এই কর্মসূচীতে অংশ নেন।

2
মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে রক্তদান শিবিরের আয়োজন

দলীয় নির্দেশ মেনে মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে জামালপুরের পাঁচড়া অঞ্চলে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এই শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল, ওই অঞ্চলের অঞ্চল সভাপতি জয়দেব দাস, প্রধান বিকাশ পাকড়ে সহ অন্যান্যরা। পরে সেখানে আসেন বিধায়ক অলোক কুমার মাঝি। মেহেমুদ খান বলেন, জাতির জনকের মৃত্যুদিনে দলীয় নির্দেশে রক্তদানের মত মহৎ কাজ করা হলো। এরজন্য তিনি পাঁচড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানান। জয়দেব দাস জানান, পুরুষ ও মহিলা মিলে প্রায় ১০৪ জন রক্তদাতা রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে। প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি সুন্দর প্রীতি উপহার তুলে দেওয়া হয়। রক্তদাতারা বলেন এই ধরনের একটি মহতী উদ্যোগের পাশে থাকতে পেরে তারা গর্ববোধ করছেন।

3
দুয়ারে সরকার শিবিরে আগতদের পাশে জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা

রাজ্যজুড়ে চলছে নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবির। পূর্ব বর্ধমানের জামালপুরে পাড়াতল ১ ও ২ পঞ্চায়েতে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়। দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থসারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, ব্লক কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম,দুই প্রধান মাবিয়া বেগম শেখ, কামিনীকুমুদ ঘোষ, উত্তম হাজারি, আনোয়ার সরকার সহ অন্যান্যরা। ক্যাম্প ঘুরে তারা ক্যাম্প আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। সকলের সুবিধা-অসুবিধার কথা শুনে তার সমস্যার সমাধানে চেষ্টা করেন। মেহমুদ খান বলেন, আমরা চাই সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা যেন এই এলাকার সমস্ত মানুষজন পান। তাই তাদের কাজে সহযোগিতা করার জন্য আমরা এখানে এসেছি।