বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে রাস্তা সংস্কারে গুরুত্ব জেলা পরিষদের অধ্যক্ষর

বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে রাস্তা সংস্কারে গুরুত্ব জেলা পরিষদের অধ্যক্ষর

বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে রাস্তা সংস্কারের দাবির কথা জেলা পরিষদের অধ্যক্ষর কাছে তুলে ধরেছিলেন কর্তৃপক্ষ। আর তাদের সেই চাহিদা পূরণে মাত্র ১০ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। ঘটনা, পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের সেহারাবাজারের। এখানে চন্দ্রকুমার ইনস্টিটিউশনে যাতায়াতের রাস্তাটি অনেকদিন ধরেই খারাপ অবস্থায় রয়েছে। এই পথ দিয়ে নিয়মিত ছাত্র-ছাত্রীসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় মানুষদের যাতায়াত করতে হয়। ফলে খুবই সমস্যায় পড়েন তারা। বিশেষ করে বর্ষাকালে সমস্যা আরও প্রকট হয়। এই দুর্ভোগের হাত থেকে নিস্তার পাবার জন্য মাত্র দিন দশেক আগে এই বিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃপক্ষ হাতের কাছে পেয়ে যান পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলামকে। আর তার কাছেই তারা এই রাস্তা সংস্কারের দাবির কথা তুলে ধরেন। ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় মানুষদের চাহিদা পূরণে অধ্যক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা বলেন। তাদের এই কথা শুনে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন অপার্থিব ইসলাম। দ্রুত সমস্যার সমাধানও কার্যকর হয়। এখানকার ৩০০ মিটার নতুন ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়ে যায় ২৯ জানুয়ারি। এই নির্মাণ কার্যের সূচনা পর্বে উপস্থিত ছিলেন অপার্থিব ইসলাম সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফ্ফর আহম্মেদ ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। ছিলেন স্থানীয় গ্রামবাসীরা। তারা সকলেই অপার্থিব ইসলামের এই উদ্যোগের প্রশংসা করেন। এরজন্য বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে প্রধান শিক্ষক তাকে অকুণ্ঠ ধন্যবাদ জানান। অপার্থিব ইসলাম বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় শিক্ষাঙ্গনের পরিকাঠামগত উন্নয়নের পাশাপাশি তার পারিপার্শ্বিক পরিস্থিতিকে উপযোগী করে তোলার উপরে জোর দিয়েছেন। আমরা তাঁর সেই ইচ্ছাকে মান্যতা দিয়ে এখানকার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় মানুষজনদের কথা চিন্তা করে এই রাস্তা সংস্কারে গুরুত্ব দিয়েছি। নতুন করে এখানে রাস্তাটি ঢালাই করা হচ্ছে। এই কাজ সম্পন্ন হলে স্থানীয় সকলেই উপকৃত হবেন।