প্রাণীকল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর

প্রাণীকল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর

প্রাণীদের কল্যাণ সাধনে বহু মানুষই এখন এগিয়ে আসেন। নিয়মিত তাদের খাবার দেন। অসুস্থ হলে নিজেরা ওষুধ দেন। প্রয়োজনে চিকিৎসা কেন্দ্রেও নিয়ে যান। কিন্তু এর পাশাপাশি আমাদের চারিপাশে এমন অনেক প্রাণী রয়েছে যারা তৃণভোজী। আর এইসব প্রাণীদের অন্যতম খাদ্য হলো বিভিন্ন রকম গাছপালা। তাই এই প্রাণীদের নিয়মিত খাদ্যের যোগানের জন্য বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করলেন রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ। প্রসঙ্গত, প্রাণী কল্যাণপক্ষ উপলক্ষ্যে পূর্বস্থলীতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কথাগুলি বলেন তিনি। গত ১৪ থেকে ৩০ জানুয়ারি রাজ্য তথা এই জেলায় নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রাণী কল্যাণপক্ষ পালন করা হয়েছে। সেই উপলক্ষ্যেই পূর্বস্থলীতে জেলাস্তরের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্বপনবাবু বলেন, প্রাণীসম্পদ দপ্তরের পক্ষ থেকে এই জেলায় বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে বিশেষ করে মা-বোনেদের স্বাবলম্বী করে তোলার জন্য তাদের হাতে নানারকম প্রাণীর বাচ্ছা তুলে দেওয়া হয়। তারা সেগুলিকে বড় করে তার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে। এরমধ্যে রয়েছে হাঁস, মুরগী, ছাগল ইত্যাদি। গৃহপালিত এই সমস্ত প্রাণীগুলিকে প্রতিপালন করার মধ্যে দিয়ে তাদের প্রতি একটা দায়বদ্ধতা পালনের মানসিকতা গড়ে ওঠে। এই মানসিকতা গড়ে তোলার মধ্যে দিয়ে আমাদের সমাজে প্রাণীজ সম্পদ বৃদ্ধি পায়। এ ব্যাপারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সদর্থক পদক্ষেপ গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন স্বপনবাবু। প্রাণী প্রতিপালন করে গ্রামেগঞ্জে বহু মা-বোন আজ অর্থের মুখ দেখেছেন। তারা পরিবারকে পরিচালনা করছেন। নিজের পরিবারকে অর্থ যোগান দিচ্ছেন। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। প্রাণীজ সম্পদের গুরুত্ব উপলব্ধি করতে হবে। আর সেই লক্ষ্য নিয়েই এই প্রাণী কল্যাণপক্ষের আয়োজন বলে উল্লেখ করেন স্বপন দেবনাথ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার প্রাণীসম্পদ দপ্তরের ডেপুটি ডিরেক্টর ডাক্তার সুকুমার চ্যাটার্জী, বিশিষ্ট পরিবেশপ্রেমী অরূপ চৌধুরী, বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের সম্পাদক রীণা দাঁ ও সহ সম্পাদক শীর্ষেন্দু সাধু সহ পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ ও জনপ্রতিনিধিরা। গাছ মাস্টার অরূপ চৌধুরী জীবনে এগিয়ে চলার পথে গাছ ও প্রাণী উভয়ের পারস্পরিক নির্ভরশীলতার কথা তার বক্তব্যে তুলে ধরেন।