1
৬ নম্বর ওয়ার্ডে বেশিরভাগ ভোটারের এসআইআর সংক্রান্ত ফর্ম পূরণে সহায়তা
বর্ধমান পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডে বেশিরভাগ ভোটারের এসআইআর সংক্রান্ত ফর্ম পূরণে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে বলে জানালেন রাজ্য আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক সৈয়দ মহম্মদ সেলিম। তিনি বলেন, ৬ নম্বর ওয়ার্ডে বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা ক্যাম্প করা হয়েছে। তার নিজের উদ্যোগেও সহায়তা ক্যাম্প পরিচালনা করা হয়েছে। সেলিম জানান, এখানে ওয়ার্ডের বহু মানুষ এসেছেন। এসআইআর সংক্রান্ত ফর্ম পূরণে তাদের প্রত্যেককে প্রতিদিন সহযোগিতা করা হয়েছে। অনেকেই এই ফর্মের বিষয়ে যথাযথ ধারণা না থাকায় সমস্যায় পড়েছেন। সেই সমস্যার সমাধানে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা তাদের সবরকম ভাবে সহযোগিতা করেছেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে সাধারণ মানুষের পাশে থেকে তাদের সর্বতোভাবে সহযোগিতা করার কথা বলেছেন। আমরা সেই কাজ দায়িত্ব সহকারে পালন করেছি।
এখানে বেশিরভাগ মানুষেরই এসআইআর সংক্রান্ত ফর্ম ফিলাপের কাজ শেষ হয়ে গেছে। বিএলওরা বেশিরভাগ জায়গা থেকেই এই ফর্ম সংগ্রহ করে নিয়েছেন। রাজ্যে এসআইআর-এর সময়সীমা বাড়ানো হয়েছে। তবে তার আগেই এখানে বেশিরভাগ কাজ শেষ হয়ে গেছে বলে উল্লেখ করেন সেলিম সাহেব।
2
খানা জংশন স্টেশনে ল্যাডার শিফটিংয়ের কাজে ইন্টারলকিংয়ের কাজ শুরু
পূর্ব বর্ধমান জেলার খানা জংশন স্টেশনে ল্যাডার শিফটিং সংক্রান্ত কাজে চারদিন প্রি-নন ইন্টারলকিং ও তিনদিন নন ইন্টারলকিং কাজ শুরু হয়েছে। ৮ই ডিসেম্বর পর্যন্ত এই কাজ চলবে। ফলে এই রুটে ট্রেন চলাচলে প্রভাব পড়েছে বলে রেল সুত্রে জানা গিয়েছে। বাতিল হয়েছে বেশকিছু ট্রেন।
রেল সুত্রে জানা গেছে,
৬-৮ ডিসেম্বর নন ইন্টারলকিংয়ের কাজ চলবে। ৬ ও ৭ ডিসেম্বর বর্ধমান-রামপুরহাট শাখায় এমইএমইউ বাতিল থাকবে। ওই দু’দিন শিয়ালদহ-রামপুরহাট মা তারা এক্সপ্রেস, হাওড়া-বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস, হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস বাতিল থাকবে। ৫-৭ ডিসেম্বর হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস চলবে না। ৫-৭ ডিসেম্বর শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, শিয়ালদহ-মালদহ টাউন গৌড় এক্সপ্রেস ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ হয়ে ঘুরপথে চলাচল করবে। একইভাবে ৬ ও ৭ ডিসেম্বর হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা, সরাইঘাট, হাওড়া-জামালপুর এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস ঘুর পথে চলাচল করবে।
রেল সূত্রে জানা গেছে, ৭ডিসেম্বর তেভাগা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পথ পরিবর্তন করে ব্যান্ডেল, কাটোয়া ও আহমদপুর হয়ে চলাচল করবে। এছাড়া বন্দেভারত, বেঙ্গালুরু, বিবেক এক্সপ্রেস সহ একাধিক ট্রেনের সময় নিয়ন্ত্রণ করা হচ্ছে। যার জেরে সমস্যায় পড়তে চলেছেন যাত্রীরা। এই চারদিন কুলিক, কলকাতা হলদিবাড়ি, কাঞ্চনজঙ্ঘা, কর্মভূমি এক্সপ্রেস রুট পরিবর্তন করে ব্যান্ডেল, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম হয়ে চলাচল করবে। এছাড়া বেশ কয়েকটি দুরপাল্লার ট্রেনের নিয়ন্ত্রণ করা হবে। জামালপুর-রামপুরহাট প্যাসেঞ্জার সাহেবগঞ্জে যাত্রা শেষ করবে। এই কয়দিন তিনপাহাড় মেমু প্যাসেঞ্জার বাতিল থাকছে বলে জানা গেছে। এরফলে এই তিন চার দিন যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে।


