যুব সাথী প্রকল্পে ফর্ম ফিলাপে উপচে পড়া ভিড় জামালপুরে


যুব সাথী প্রকল্পে ফর্ম ফিলাপে উপচে পড়া ভিড় জামালপুরে

বাংলার যুব সাথী প্রকল্পে দ্বিতীয় ও তৃতীয় দিনে উপচে পড়া ভিড় দেখা গেল জামালপুর ব্লক অফিসে। আর সেই ভিড় সামাল দিতে তত্ত্বাবধান করলেন বিডিও পার্থসারথী দে, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান ও সহ সভাপতি ভূতনাথ মালিক। ফর্ম দেওয়া ও জমা নেওয়ার দ্বিতীয় ও তৃতীয় দিনে সকাল থেকেই সাধারণ মানুষ ভিড় করে লাইনে দাঁড়ান। চকদিঘী অঞ্চল ও জারোগ্রাম অঞ্চলের জন্য ফর্ম দেওয়া ও জমা নেওয়া হয়। ২১ থেকে ৪০ বছর বয়সী মানুষরা যুব সাথী প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আসেন। যথেষ্ট ভিড় দেখা যায় ভূমিহীন ক্ষেত মজুরদের লাইনেও। সেখানেও নিজে উপস্থিত ছিলেন ব্লক কৃষি আধিকারিক বিপাশা বসু। মেহেমুদ খান বলেন, বাংলার সাধারণ মানুষকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা প্রকল্পের মাধ্যমে সাহায্য করে পাশে দাঁড়িয়েছেন। আর এখন তিনি বাংলার যুবক যুবতীদের জন্য যুব সাথী প্রকল্প নিয়ে এলেন। যা রাজ্যের লক্ষ লক্ষ যুবক যুবতীদের সাহায্য করবে বলে তিনি মনে করেন। লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে এই প্রকল্প রাজ্যের মানুষকে সাহায্য করবে।