`
1
বুধবার থেকেই বর্ধমানে জমে উঠেছে সরস্বতী পুজোর বাজার
বুধবার সকাল থেকেই বর্ধমানে সরস্বতী পুজোর বাজার করা শুরু হয়ে গেছে। বাঙালির ঘরে ঘরে যে দুটি পুজো হয়ে থাকে তার মধ্যে লক্ষ্মীর পাশাপাশি সরস্বতী পুজোও রয়েছে। আর সরস্বতী পুজোকে কেন্দ্র করে ঠাকুর কেনা থেকে শুরু করে ফলমূল, যবের শীষ, সর কাঠি, দশকর্মার নানান সরঞ্জাম, দোকানে দোকানে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বর্ধমান শহরের বিভিন্ন স্থানে সরস্বতী প্রতিমা নিয়ে বসে পড়েছেন শিল্পীরা। তাদের মধ্যে দুজন শিল্পী বিদ্যুৎ পাল ও ধনঞ্জয় ধর জানালেন, বুধবার থেকে তাদের বাজার শুরু হয়েছে ঠিক কথা। তবে এদিন ভিড় একটু কম। তাদের আশা বৃহস্পতি এমনকি শুক্রবার সকাল পর্যন্ত ঠাকুর কেনাকাটা চলবে। এবারে সব জিনিসের দাম বাড়ায় ঠাকুরের দামও বেড়েছে। তবে তারজন্য ক্রেতাদের দিক থেকে সমস্যা হয়নি। বিক্রি বাটা হচ্ছে। বিদ্যুৎ পাল জানান, তারা ঠাকুর তৈরি করে এখানে নিয়ে এসেছেন বিক্রির জন্য। ধনঞ্জয় ধর বলেন, তাদের ঠাকুর সবই কৃষ্ণনগরের। সেখান থেকেই তারা কিনে নিয়ে এসে বর্ধমানে সেই প্রতিমা বিক্রি করছেন।। ফলের বাজারেও বিক্রি বাটা চলছে। এক ফল বিক্রেতা জানালেন, তিনি সারা বছরই এখানে ফল বিক্রি করেন। তবে সরস্বতী পুজোর মতো বিশেষ দিনে বিক্রি একটু বাড়ে। এবার ফলের দাম সেরকম বাড়েনি। তবে যেহেতু এখন ফলের বাজার বিভিন্ন পাড়াতেই গড়ে উঠেছে, তাই ক্রেতাদের ভিড় একটু কম। তবু বিক্রি বাটা তার ভালই হচ্ছে।
2
এসআইআর নিয়ে তৃণমূলের বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন
এসআইআর-এর অজুহাতে বৈধ ভোটারদের নাম বাতিল করার চক্রান্তের প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচী সংগঠিত হলো বর্ধমানে। এদিন দলের পক্ষ থেকে জেলাশাসকের উদ্দেশ্যে এই ডেপুটেশন দেওয়া হয়। এদিনের এই কর্মসূচীতে অংশ নেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় প্রমুখ। এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোট সাত দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় উল্লেখ করেন, নির্বাচন কমিশন একের পর এক অগণতান্ত্রিক নির্দেশ জারি করে চলেছেন। এক কথায় মনে হচ্ছে, তারা যেন ভোটারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। অযৌক্তিক কারণে লক্ষ লক্ষ বৈধ ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে। নির্বাচন কমিশনের এই অগণতান্ত্রিক কার্যসমূহের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। আমাদের দাবি, অবিলম্বে সাধারণ ভোটারদের হয়রানি বন্ধ করতে হবে। বাগবুল ইসলাম বলেন, এসআইআর-এর নাম করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে কেন্দ্রের বিজেপি সরকার এই রাজ্যের মানুষকে চূড়ান্তভাবে হয়রানি করার একটা চক্রান্ত করেছে। আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। এসআইআর প্রক্রিয়ায় যে সমস্ত জটিলতা আনা হচ্ছে, তা বন্ধ করার দাবি জানাচ্ছি।
3
বামপন্থী সংগঠনগুলির পক্ষ থেকে আট দফা দাবিতে জেলা সভাধিপতিকে ডেপুটেশন
আট দফা দাবিকে সামনে রেখে বিভিন্ন বামপন্থী ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতিকে ডেপুটেশন দেওয়া হলো। এই ডেপুটেশন কর্মসূচীতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য নেতৃত্ব অমল হালদার। তিনি বলেন, শ্রমিক এবং কৃষকদের স্বার্থ রক্ষায় বামপন্থী সংগঠনগুলি আজ ঐক্যবদ্ধভাবে পথে নেমে আন্দোলন করছে। কেন্দ্রের বিজেপি সরকার শ্রমিক কৃষক বিরোধী নীতিকে সামনে রেখে একের পর এক আইন প্রণয়ন করছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে রাজ্যেজুড়ে যে দুর্নীতি চলছে তারও প্রতিবাদ করেছি। আমরা চাই, কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই ধর্মীয় উত্তেজনা, বিদ্বেষ বিভাজনের রাজনীতি অবিলম্বে বন্ধ করে শান্তি সম্প্রীতি ফেরাতে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক। সাধারণ মানুষের জীবনযাত্রাকে সুস্থ ও স্বাভাবিক রাখার ক্ষেত্রে তারা দিক নির্দেশ করুক। এদিন মোট আট দফা দাবিকে সামনে রেখে জেলা সভাধিপতির উদ্দেশ্যে দাবি সনদ পেশ করা হয়।


