1
শুরু হলো ১৮ তম বর্ষ কাঞ্চন উৎসব ২০২৬
“বাংলা আমার মায়ের ভাষা” এই থিমকে সামনে রেখে শুরু হল ১৮ তম বর্ষ কাঞ্চন উৎসব। স্থানীয় কঙ্কালেশ্বরী কালীবাড়ি মাঠ প্রাঙ্গণে ২০ জানুয়ারি এই উৎসবের উদ্বোধন করলেন মুম্বাইয়ের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী কাজল দেবগন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিডিএর চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, কাঞ্চননগর গোবিন্দধামের আচার্য স্বামী প্রজ্ঞানন্দ, বর্ধমান সদগুরু পরমানন্দ আশ্রমের মাতা অমৃতা প্রানা প্রমুখ। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই কাঞ্চন উৎসবের সূচনা হয়। কাজল দেবগন তার কথায় মাতিয়ে রাখেন দর্শকদের। নাচে গানে এদিনের উদ্বোধনী পর্ব জমে ওঠে। এ প্রসঙ্গে খোকন দাস জানান, ২০ জানুয়ারি ১৮ তম বর্ষ কাঞ্চন উৎসবের সূচনা হলো। মুম্বাইয়ের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী কাজল দেবগন উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন। এছাড়াও বিভিন্ন মন্ত্রী ও আধিকারিকরা এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন। প্রথম দিনে বিপুল জনসমাগমই প্রমাণ করে দেয় কাঞ্চন উৎসবের জনপ্রিয়তা। এই উৎসব চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিনই স্থানীয় শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠান পরিবেশন করবেন বিখ্যাত শিল্পীরা।
2
দ্বাদশ বর্ষ মাঘ উৎসব শুরু ২২ জানুয়ারি
বর্ধমান মাঘ উৎসব ২০২৬ শুরু হচ্ছে আগামী ২২ জানুয়ারি। এই উৎসব চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। এই উপলক্ষ্যে বর্ধমান টাউন হল প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সভায় বর্ধমান মাঘ উৎসব কমিটির সভাপতি পরেশচন্দ্র সরকার বলেন, শিকড়ের সাথে আধুনিকতার পথে এই বার্তাকে সামনে রেখে এবারে বর্ধমান মাঘ উৎসব অনুষ্ঠিত হবে স্থানীয় উৎসব ময়দানে। ইতিমধ্যেই ১১ বছর অতিক্রম করে ১২ বছরে পদার্পণ করছে এই উৎসব। স্থানীয় ও অতিথি শিল্পীদের উপস্থিতিতে এক স্নিগ্ধ সুন্দর সংস্কৃতির পটভূমিকা রচিত হয় উৎসব প্রাঙ্গণে। যেখানে শহরবাসীর এক অকৃত্রিম হৃদয়ের প্রকাশ ঘটে। প্রতিদিন বহু মানুষের সমাগম ঘটে এই উৎসব ময়দানে। পরেশ সরকার বলেন, একটা সময় এই টাউন হল ময়দান থেকেই হাঁটি হাঁটি পা পা করে আমাদের পথচলা শুরু হয়েছিল। সেদিনের চারা গাছ আজ বৃক্ষে রূপান্তরিত হয়েছে।


