মাজার শরীফে বাৎসরিক উরস অনুষ্ঠানের আয়োজন | তৃণমূলের নবনিযুক্ত পদাধিকারীদের সম্বর্ধনাজ্ঞাপন | বর্ধমান ফুল মেলা অনুষ্ঠিত হলো অল্পতরু শিশু উদ্যানে


1
মাজার শরীফে বাৎসরিক উরস অনুষ্ঠানের আয়োজন

খাতেমন জোহরা আম্মা-র মাজার শরীফে বাৎসরিক উরস উৎসবের আয়োজন করা হয়। বর্ধমান শহরের ২৯ নম্বর ওয়ার্ডে মিঠাপুকুর ভাঙ্গা মসজিদ এলাকায় নজরুল স্মৃতি সংঘর উদ্যোগে এবং স্থানীয় কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিকের সহযোগিতায় এই উৎসব ও কাওয়ালী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান, কাউন্সিলর সাহাবুদ্দিন খান, ইন্তেখাব আলম প্রমুখ। এই অনুষ্ঠানে সুশান্ত প্রামাণিক বলেন, এই উরস উৎসব অত্যন্ত ঐতিহ্যশালী। এখানে এই উৎসবকে কেন্দ্র করে হিন্দু – মুসলিম সহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ উপস্থিত হন ও পুজো দেন। এই উরস অনুষ্ঠানের মধ্যে দিয়ে এখানে এক মিলনের পরিবেশ তৈরী হয়। সুশান্ত জানান, এই মাজার শরীফের সংস্কারে বিধায়কের কোটায় ১০ লক্ষ টাকা স্যাংশন করা হয়েছে। খুব শীঘ্রই এখানে এই সংস্কারের কাজ শুরু হবে। তিনি বলেন, প্রতিবছরই এখানে এই উৎসব অনুষ্ঠিত হয়। বহু মানুষের সমাগম হয়।

2
তৃণমূলের নবনিযুক্ত পদাধিকারীদের সম্বর্ধনাজ্ঞাপন

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি সহ ব্লক কমিটির সদস্যদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। কৈয়র অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সম্বর্ধিত হন কৈয়র অঞ্চলের তৃণমূলের নবনিযুক্ত সভাপতি জগৎজ্যোতি রায় সহ খন্ডঘোষ ব্লকের সহ-সভাপতি নীলুফা বেগম, ব্লক কমিটির সদস্য সাজাহান মন্ডল, প্রাণকৃষ্ণ পাঁজা ও সেখ হাসমত। এ প্রসঙ্গে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন, এখানে কৈয়র অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের ব্লক ও অঞ্চলের নবনিযুক্ত পদাধিকারীদের সম্বর্ধিত করা হলো। মূলত, এই সম্বর্ধনা জ্ঞাপনের লক্ষ্য হলো একদিকে তাদের প্রতি আস্থা জ্ঞাপন, অন্যদিকে তাদের নেতৃত্বে আগামী দিনে এলাকার মানুষকে সার্বিক পরিষেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ হওয়া। পাশাপাশি ২০২৬ এর বিধানসভা নির্বাচনে এখন থেকেই লড়াইয়ের প্রস্তুতি নেওয়া। এ প্রসঙ্গে অপার্থিব ইসলাম বলেন, ২০২৬ এর বিধানসভা নির্বাচনে দলের প্রত্যেক নেতৃত্ব ও কর্মীকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

3
বর্ধমান ফুল মেলা অনুষ্ঠিত হলো অল্পতরু শিশু উদ্যানে

১৮ ও ১৯ জানুয়ারি বর্ধমানের কল্পতরু শিশু উদ্যানে বর্ধমান ফুল মেলা অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তরের নগর বিনোদন বনায়ন বিভাগের উদ্যোগে আয়োজিত এই ফুলমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১৮ জানুয়ারি। ফুলমেলা প্রাঙ্গণে রংবেরঙের বিভিন্ন ফুলের সম্ভার ছিল চোখে পড়ার মতো। শহরের বহু মানুষ এই দুদিন কল্পতরু শিশু উদ্যানে উপস্থিত হন। মূলত বাড়িতে ফুল গাছ লাগানো এবং তাকে যত্ন করে লালন করার বিষয়টিকে প্রাধান্য দিতেই এই ফুল মেলার আয়োজন বলে জানা যায়। উল্লেখ্য, কিছুদিন আগেই বর্ধমান কৃষ্ণসায়র প্রাঙ্গণে আয়োজিত মেলাতেও এই ধরনের ফুলের সম্ভার আগত মানুষজনের দৃষ্টি আকর্ষণ করেছিল।