1
জামালপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন
পূর্ব বর্ধমানের জামালপুরে ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হলো। জামালপুর ব্লক অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক অলোক কুমার মাঝি, বিডিও পার্থসারথী দে ও পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। পতাকা উত্তোলন করে নেতাজির ছবিতে মাল্যদান ও দুই বিখ্যাত মণীষী স্বামী বিবেকানন্দ ও ডঃ এ পি জে আব্দুল কালামের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। পরে জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্লক সভাপতি মেহেমুদ খান ও বিধায়ক অলোক কুমার মাঝি। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, জয়দেব দাস সহ অন্যান্যরা। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজির ছবিতে মাল্যদান করা হয় ও সকলকে মিষ্টিমুখ করানো হয়।
অন্যদিকে এদিন চকদিঘী অঞ্চলে আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে মহাশক্তি কোল্ড স্টোরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শতাধিক রক্তদাতা সেখানে রক্তদান করেন। সেখানেও জাতীয় পতাকা উত্তোলন করে ও নেতাজির ছবিতে মাল্যদান করে রক্তদান শিবিরের সূচনা করা হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে অতিথি হিসেবে উপস্থিত হন জামালপুরের তৃণমূল ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, ব্লকের মহিলা নেত্রী কল্পনা সাঁতরা সহ অন্যান্যরা। ছিলেন চকদিঘী অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান। আলু ব্যবসায়ী সমিতির সভাপতি রবীন ঘোষ ও সম্পাদক কৌশিক দাস জানান, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন মহান দেশপ্রেমিকের জন্মদিনে তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন মুমূর্ষ মানুষকে বাঁচাবার জন্য। এদিনের এই রক্তদান শিবিরে ১০০ জনের অধিক মানুষ রক্ত দান করেছেন। যার মধ্যে অধিকাংশই মহিলা। সংগৃহীত রক্ত কলকাতার কোঠারি হসপিটালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়েছে।
2
পূর্ব বর্ধমান জেলা জয়হিন্দ বাহিনীর পক্ষ থেকে নেতাজির জন্মদিবস পালন
পূর্ব বর্ধমান জেলা জয়হিন্দ বাহিনীর পক্ষ থেকে জামালপুরে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে ভারত মাতার বীর সন্তান বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করা হলো। এই উপলক্ষ্যে জামালপুরের নেতাজি অ্যাথলেটিক ক্লাবের সহযোগিতায় জামালপুর ব্লক অফিস থেকে জামালপুর বাজার হয়ে নেতাজি মাঠ পর্যন্ত একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। সেখানে প্রতীক হিসেবে একজনকে নেতাজির চরিত্রে সাজানো হয়। দু কিলোমিটার ব্যাপী এই র্যালিতে নেতাজি ক্লাবের ছোট ছোট সদস্যরা নানা অনুষ্ঠান করে। পথের মধ্যে ভারতমাতার ওপর দুই বীর সন্তান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুল ইসলামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করা হয়। এই র্যালীতে পা মেলান বিধায়ক অলোক কুমার মাঝি, জামালপুরে তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা সহ অন্যান্যরা। সাহাবুদ্দিনবাবু বলেন, জয়হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অনুমতি নিয়ে নেতাজির জন্মদিনে এই র্যালি করা হয়। এই মহান বিপ্লবীর প্রতি আমরা প্রত্যেকে এদিন শ্রদ্ধা নিবেদন করেছি।


