জেলা প্রশাসনের উদ্যোগে নেতাজির জন্মবার্ষিকী উদযাপন || একইসঙ্গে দেবী সরস্বতী ও নেতাজিকে বন্দনা বিদ্যালয়ে || ২৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেতাজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন


1
জেলা প্রশাসনের উদ্যোগে নেতাজির জন্মবার্ষিকী উদযাপন

২৩ জানুয়ারি পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো। এদিন বর্ধমান কোর্ট কমপাউন্ড এলাকায় নেতাজি মূর্তির সামনে এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেতাজির মূর্তিতে মাল্যদান করেন জেলাশাসক সহ অন্যান্য সরকারি আধিকারিক বৃন্দ। জেলাশাসক আয়েশা রাণী এ বলেন, দেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটি প্রতিবছরই শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। এ বছরও আমরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনে এখানে সবাই উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল। নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদনে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

2
একইসঙ্গে দেবী সরস্বতী ও নেতাজিকে বন্দনা বিদ্যালয়ে

২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আবার এ বছর এই দিনেই শ্রীপঞ্চমী তিথি। স্বাভাবিকভাবেই সরস্বতীর বন্দনাও হলো এদিন। আর এবার একটি অভিনব ঘটনা ঘটলো পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ নম্বর ব্লকের অন্তর্গত চন্ডীপুরডাঙ্গা আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এখানে একই সঙ্গে ২৩ শে জানুয়ারি দেবী সরস্বতীর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও পুজো করা হলো। বিদ্যালয়ের কক্ষে সরস্বতীর মূর্তি আর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিকে পাশাপাশি রেখে আরতি করলেন পুরোহিত শুভজিৎ মহন্ত। তার কথায়, এই ধরনের একটি ঘটনার সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে তিনি আপ্লুত হয়ে পড়েছেন। উপস্থিত ছিলেন আউশগ্রাম ২ নম্বর ব্লকের বিডিও চিন্ময় দাস। তিনি বলেন, এই ঘটনা অবশ্যই একটি দৃষ্টান্ত। দেবী সরস্বতীর পাশাপাশি নেতাজিকে একই সঙ্গে বন্দনা করার এই ইচ্ছা যে স্কুল কর্তৃপক্ষ দেখিয়েছেন তারজন্য তাদের অভিনন্দন জানাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত রায় বলেন, আমি সহশিক্ষকদের সঙ্গে পরামর্শ করেই এই ধরনের একটি উদ্যোগকে সার্থকভাবে রূপ দিতে পেরেছি। এই ঘটনায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা খুবই খুশি হয়েছে। এই ছোট বয়স থেকেই নেতাজি সুভাষচন্দ্রের প্রতি তাদের যে ভক্তি ও শ্রদ্ধা তৈরি হলো, আমি আশা রাখবো, তা সারা জীবন তাদের হৃদয়ে সুরক্ষিত থাকবে।

3
২৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেতাজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন

বর্ধমান শহরে ২৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো। বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিকের নেতৃত্বে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলের নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক। তিনি বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পরাধীন ভারতকে স্বাধীন করার ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য। তাই প্রতি বছর এই দিনটি এখানে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। সুশান্ত প্রামাণিক বলেন, ভারতকে স্বাধীন করার ক্ষেত্রে যে সমস্ত বিপ্লবীরা সর্বাগ্রে এগিয়ে এসে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু নাম সর্বাগ্রে আসে। দেশকে স্বাধীন করার ক্ষেত্রে তাঁর আহ্বানে হাজার হাজার নারী পুরুষ পথে নেমে স্বাধীনতার যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাই এই বিপ্লবীকে আমরা প্রতিবছর ২৩ জানুয়ারি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন উজ্জ্বল প্রামাণিক, সুশান্ত প্রামানিক সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ।