1
বাংলার বাড়ি প্রকল্পে জেলায় দ্বিতীয় পর্যায়ে নথিভুক্ত উপভোক্তার সংখ্যা ৫৪ হাজার
রাজ্য সরকারের নিজস্ব তহবিলের অর্থানুকূল্যে রূপায়িত বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় পর্বের শুভ সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ জানুয়ারি হুগলির সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের ২০ লক্ষ পরিবারকে এক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেন। এদিন পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রকল্প সংক্রান্ত বিষয়ে এক সাংবাদিক সভার আয়োজন করা হয়। এই সভায় পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রাণী এ বলেন, বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে প্রথম পর্যায়ে ইতিমধ্যেই ৭৯১০৩ টি পরিবার উপকৃত হয়েছে। এই প্রকল্প খাতে ব্যয় হয়েছে ৯৪৯.২৩৬ কোটি টাকা। দ্বিতীয় পর্যায়ে, পূর্ব বর্ধমান জেলার জন্য বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে ৫৪ হাজার ১৩ জন উপভোক্তার নাম নথিভূক্ত হয়েছে। এরজন্য ৩২৪.০৭৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে। জেলাশাসক আরও জানান, পূর্ব বর্ধমান জেলায় ২০২ জন উপভোক্তাকে কৃষিজ পাট্টা দেওয়া হয়েছে। অন্যদিকে ১১০ জন উপভোক্তাকে হোমস্টেড পাট্টা প্রদান করা হয়েছে। জেলাশাসকের দপ্তরে আয়োজিত এই সুবিধা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে উপভোক্তাদের হাতে এই সংক্রান্ত চেক ও সার্টিফিকেট প্রদান করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জেলাশাসক আয়েশা রানী এ পুলিশ সুপার সায়ক দাস প্রমুখ।
2
এসআইআর-য়ে হয়রানির প্রতিবাদে অনশন অবস্থান দেবু টুডুর
এসআইআর প্রক্রিয়াকে সামনে রেখে আদিবাসীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে অনশন অবস্থানে বসেছেন জেলা তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখার নেতৃত্ব ও সদস্যরা। এই সংগঠনের রাজ্য নেতা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডুর নেতৃত্বে এই অনশন অবস্থান চলছে। নেতাজি মূর্তির পাদদেশে জেলাশাসক অফিসের সামনে এই অনশন মঞ্চে এসে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম, মেমারির তৃণমূল নেতা স্বপন ঘোষাল প্রমুখ। এদিন অবস্থান মঞ্চে স্বপন দেবনাথ বলেন, নির্বাচন কমিশনকে ব্যবহার করে কেন্দ্রের শাসক দল বিজেপি এখানে ভোটার তালিকা নিয়ে নানা রকম কারচুপি করতে চাইছে। তারা আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করেছে। এরই প্রতিবাদে অনশনে বসেছেন দেবু টুডু সহ অন্যান্যরা। নির্বাচন কমিশনের ভূমিকা এক্ষেত্রে মোটেও নিরপেক্ষ নয়। এই বিষয়টি নিয়ে বিভিন্ন সভামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে দিল্লীতে গেছেন। আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে প্রতিবাদে সামিল হয়েছি।
শ্যামাপ্রসন্ন লোহার বলেন, আমাদের দেশের যারা আদি বাসিন্দা সেই আদিবাসী সম্প্রদায়কে এসআইআর-এর ক্ষেত্রে টার্গেট করা হয়েছে। তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। এরই প্রতিবাদে এখানে অনশন অবস্থান কর্মসূচী নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের জীবনযাত্রার মানোন্নয়নে সবরকম সহযোগিতা করছেন। অথচ কেন্দ্রের শাসক দল বিজেপি তাদেরই নাম ভোটার তালিকা থেকে বাদ দেবার চক্রান্তে জড়িত রয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, অনশনরত অবস্থায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন দেবু টুডু। তাকে অনশন প্রত্যাহার করার আবেদন জানান স্বপন দেবনাথ। তিনি বলেন, হাসপাতাল থেকে চিকিৎসক এসে পরীক্ষা করেছেন। এই পরিস্থিতিতে চিকিৎসকরাও অনশন প্রত্যাহারের ব্যাপারে মত দিয়েছেন।


