1
রায়নায় মিনি সেবাশ্রয়ের উদ্যোগ বিধায়ক শম্পা ধাড়ার
পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভা এলাকায় স্থানীয় বিধায়ক শম্পা ধাড়ার উদ্যোগে মিনি সেবাশ্রয় – এর আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে স্থানীয় মানুষদের কাছে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য বলে জানিয়েছেন শম্পা ধাড়া। এই উপলক্ষ্যে বর্ধমান গঙ্গাকিশোর ভট্টাচার্য প্রেস কর্ণারে ২৯ জানুয়ারি আয়োজিত এক সাংবাদিক সভায় শম্পা বলেন, মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই তিনি এই ধরনের একটি উদ্যোগ এখানে গ্রহণ করেছেন। ডায়মন্ডহারবারে যেভাবে সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নতমানের চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, ঠিক সেইভাবেই এখানেও একই কাজ করা হবে। এই সেবাশ্রয়ের ক্যাম্প পাঁচ দিন ধরে চলবে। ক্যাম্পটি অনুষ্ঠিত হবে রায়নার কামারহাটি এলাকায়। ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে। এখানে রায়না ছাড়াও অন্যান্য এলাকার লোকরাও চিকিৎসা পরিষেবা পাবেন। শম্পা ধাড়া জানান, আগামী দিনে বছরে দুবার করে তিনি এই ধরনের সেবাশ্রয় প্রকল্পকে কার্যকর করার চেষ্টা করবেন। এই ক্যাম্পে যারা চিকিৎসা করতে আসবেন তারা বিনা ব্যয় চিকিৎসা পরিষেবার পাশাপাশি ওষুধ পাবেন। এছাড়া যাদের অপারেশন করার প্রয়োজন হবে, তারা যাতে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে অপারেশন করার সুযোগ পান সেই ব্যবস্থা করা হবে।
2
তেজগঞ্জ হাইস্কুলে তিন মণীষীর আবক্ষ মূর্তির উন্মোচন
বর্ধমান শহরের তেজগঞ্জ হাইস্কুলে ৫৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির উন্মোচন হলো। এই তিন মণীষীর আবক্ষ মূর্তি উন্মোচন করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। তিনি বলেন, বাংলার মণীষীদের সামনে রেখে আমরা জীবনে সবসময় পথচলার চেষ্টা করেছি। বিদ্যালয় কর্তৃপক্ষ এখানে যে তিন মণীষীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন তা অত্যন্ত প্রাসঙ্গিক। ছাত্রছাত্রীদের সামনে এই মণীষীদের মূর্তি প্রতিদিন তাদের জীবনে চলার পথে অনুপ্রাণিত করবে। উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তথা বর্ধমান পৌরসভার কাউন্সিলর রাসবিহারী হালদার। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সবসময় বাংলার মণীষীদের সম্মান প্রদর্শনে এগিয়ে এসেছেন। এখানে বিদ্যালয় কর্তৃপক্ষ বাংলার তিন মহান মণীষীর মূর্তি স্থাপন করে তাদের সম্মান প্রদর্শনের উদ্যোগ নিয়েছেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআই অফিসের এ আই মলয় কুমার দে ও জয়শ্রী ম্যাডাম। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসু এই তিনজনকেই বাঙালি অন্তর থেকে শ্রদ্ধা করেন। তাঁরা আমাদের সকলের কাছেই আদর্শ। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যাতে এই মহাপুরুষদের আদর্শে নিজেদের অনুপ্রাণিত করতে পারে তারজন্যই এখানে এই মূর্তি স্থাপন। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে একইসঙ্গে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানও সম্পন্ন হয়। বিদ্যালয়ের কৃতী ছাত্র-ছাত্রীদের এদিন পুরস্কৃতও করা হয়।


