1
শ্রী রামকৃষ্ণ মিশনে দীক্ষাতরু প্রদান
বর্ধমান শ্যামসায়র ও পুতুন্ডা শ্রী রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হলো দীক্ষা কর্মসূচী। গত ২৫ থেকে ২৯ জানুয়ারি ৩৭০ জন ভক্তদের মন্ত্র দান করেন কাশীপুর উদ্যানবাটীর অধ্যক্ষ তথা বেলুড় মঠ ও মিশনের সহাধ্যক্ষ শ্রীমৎ স্বামী দিব্যানন্দ মহারাজ। এই উপলক্ষ্যে বর্ধমানের গাছ গ্রুপের পক্ষ থেকে দীক্ষিতদের হাতে একটি করে জবা দীক্ষাতরু তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে গাছ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা তথা জাতীয় শিক্ষক গাছমাস্টার অরূপ চৌধুরী বলেন, গাছ গ্রুপের উদ্যোগে এই সবুজায়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। আড়াই বছর হলো এই প্রকল্পটি সফলভাবে রূপায়িত হচ্ছে। যারা এই দীক্ষাতরু হাতে পেয়েছেন, তারা তা বড় করছেন। এরফলে পরিবেশে সবুজের পরিসর বাড়ছে। যা আমাদের বর্তমান ও ভবিষ্যৎ উভয় প্রজন্মের কাছেই অত্যন্ত আশার দিক। আমরা আশাবাদী, ভবিষ্যতে এই প্রকল্পের আরও বিস্তার ঘটবে। আরও বেশি সংখ্যক মানুষকে এই কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত করা যাবে।
2
বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচী
২৯ জানুয়ারি বর্ধমান বিশ্ববিদ্যালয় রাজবাটি প্রাঙ্গণে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও কর্মরত সরকারি ঐক্যমঞ্চের উদ্যোগে এক অবস্থান কর্মসূচীর আয়োজন করা হয়। এই অবস্থান কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীদের পাশাপাশি কর্মরত কর্মচারীরাও অংশগ্রহণ করেন। এই সংগঠনের পক্ষ থেকে এদিন অবস্থানে অংশ নেন কর্মচারীরা। তাদের উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে, অবিলম্বে সকল অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন ও সকল অবসর ভাতা প্রদান নিশ্চিত করতে হবে। আগামীতে অবসর গ্রহণকারী কর্মচারীদের সমস্ত অবসর সুবিধা সময়মত প্রদান নিশ্চিত করতে হবে। অধিকাংশ রাজ্য সহায়তা প্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মতো কর্মচারীদের সার্ভিস বুক ডিরেক্টরেট অফ পেনশন, পিএফ ও গ্রুপ ইন্স্যুরেন্স পাঠানো যাবে না। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল ও কোর্টে নির্বাচিত সদস্যদের অবিলম্বে অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবিগুলির ভিত্তিতে এদিন ঘন্টা খানেক এই অবস্থান কর্মসূচী পালন করা হয়।


