বর্ধমান শহরের রাধানগর পাড়া এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়লো ভগ্নপ্রায় তিনতলা বাড়ির একাংশ, জখম ৩ জন পথচারী !

বর্ধমান শহরের রাধানগর পাড়া এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়লো ভগ্নপ্রায় তিনতলা বাড়ির একাংশ, জখম ৩ জন পথচারী !

বাড়িটি দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় থাকা সত্ত্বেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। আর তারই খেসারত দিতে হলো সাধারণ মানুষকে। বর্ধমানের রাধানগর পাড়ায় একটি বহু পুরোনো তিনতলা দালান বাড়ির দেওয়ালের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো রাস্তায় থাকা দোকানগুলোর ওপর। এই ঘটনায় অন্তত ৩ জন পথচারী ও দোকানদার গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাধানগর পাড়ার এই ‘লাল বাড়িটি’ দীর্ঘদিন ধরে অত্যন্ত ভগ্নপ্রায় ও বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। বাড়ির অর্ধেক অংশ আগেই ভেঙে গিয়েছিল, দেওয়াল থেকে অনবরত খসে পড়ছিল চুন-বালি। চারিদিকে গজিয়ে উঠেছে আগাছা ও গাছপালা। ব্যস্ততম এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কা করে স্থানীয়রা বহুবার বাড়ির মালিককে এটি ভেঙে ফেলার অনুরোধ করেছিলেন। এমনকি দুদিন আগেও এই বাড়ির একটি ছোট অংশ ভেঙে পড়েছিল। কিন্তু অভিযোগ, এতে বাড়ির মালিকের কোনো হেলদোল ছিল না। আমরা বারবার মালিককে বলেছি বাড়িটা ভেঙে ফেলতে। দুদিন আগেও একটু অংশ খসল, তাও ওনার হুঁশ ফেরেনি। আজ এত বড় অঘটন ঘটে গেল ! ক্ষোভ উগরে দিয়ে বলেন এক স্থানীয় বাসিন্দা। বেলা নাগাদ হঠাৎই বিকট শব্দে তিনতলা বাড়িটির ওপরের অংশের একটি বড় দেওয়াল ধসে পড়ে। বাড়ির নীচেই রাস্তার ধারে বেশকিছু ছোট ছোট দোকান রয়েছে। হুড়মুড়িয়ে পড়া ইটের স্তূপ সটান এসে পড়ে একটি দোকানের ওপর। সেই সময় দোকানে উপস্থিত থাকা মানুষজন কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন। বড় বড় ইঁটের আঘাতে তিনজনের মাথা ফেটে রক্তপাত শুরু হয়। দুর্ঘটনার পরই এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দা, বিজেপি ৭ নং মন্ডল সভাপতি, প্রাক্তন মন্ডল সভাপতি ও বিজেপি নেতৃত্বের তৎপরতায় দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। গুরুতর জখম অবস্থায় ওই তিনজনকে উদ্ধার করে তৎক্ষণাৎ বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ প্রশাসন। ভেঙে পড়া ধ্বংসস্তূপের কারণে কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যান চলাচল ও সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ ব্যাহত হয়। পরবর্তীতে পুলিশ দ্রুততার সঙ্গে কাজ শুরু করে রাস্তা পরিষ্কার করায়।