কাটোয়ায় জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তির অবমাননা , মূর্তিতে কালো কাপড়ে ঢেকে দেওয়ার ঘটনা ঘিরে উত্তেজনা
জেলার কাটোয়া শহরের স্টেশন বাজার চৌরাস্তা সংলগ্ন এলাকায় থাকা মহাত্মা গান্ধীর মূর্তির মুখে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা দুষ্কৃতীরা কালো কাপড় জড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে ক্ষোভের সঞ্চার হয় এবং বহু স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ভিড় জমান।
খবর পেয়ে কাটোয়া নগর বিজেপির সভাপতি সুমন দেবনাথের নেতৃত্বে দলের কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছে তীব্র প্রতিবাদ বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, জাতির জনকের মূর্তির এই ধরনের অবমাননা অত্যন্ত নিন্দনীয় এবং এর সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
বিক্ষোভকারীরা জানান, মহাত্মা গান্ধী শুধু একটি রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি সমগ্র দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান মুখ এবং জাতির জনক। তাঁর মূর্তির অবমাননা গোটা দেশের মানুষকে অপমান করার সামিল। তাই এই ঘটনাকে হালকাভাবে না দেখে প্রশাসনের দ্রুত পদক্ষেপ করা উচিত।
সমাজে অশান্তি ও বিভাজন সৃষ্টি করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে সন্দেহ।
তিনি আরও বলেন, “কাটোয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রশাসন ও পৌরসভার সিসিটিভি ক্যামেরা রয়েছে। ঘটনাস্থলের আশপাশেও একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তাই পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি, অবিলম্বে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। কোনোভাবেই দোষীরা যেন রেহাই না পায়”।
ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও প্রতিবাদকারীরা মূর্তির মুখে জড়িয়ে দেওয়া কালো কাপড় সরিয়ে দেন। এরপর তাঁরা মহাত্মা গান্ধীর মূর্তিকে প্রথমে গঙ্গাজল এবং পরে দুধ দিয়ে স্নান করিয়ে প্রতীকী শুদ্ধিকরণ করেন। পরে ধূপ জ্বালিয়ে এবং জাতির জনকের গলায় পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।



