প্রাক্তন তৃণমূল বিধায়কের তিন পাঁঠার গলায় তিন তৃণমূল নেতার নামের বোর্ড ঝুলিয়ে বুড়োরাজ মন্দিরে পুজো


প্রাক্তন তৃণমূল বিধায়কের তিন পাঁঠার গলায় তিন তৃণমূল নেতার নামের বোর্ড ঝুলিয়ে বুড়োরাজ মন্দিরে পুজো

এই রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী ও তৃণমূলের জেলা সভাপতির নামে পাঁঠা উৎসর্গ করলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। মানত করেছিলেন তিনি। তার দাবি, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী স্বপন দেবনাথ ও জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কারণেই তিনি টিকিট পাননি ও দলের এই ভরাডুবি হয়েছে। তিনি আরও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ৭৪ জন বিধায়ককে টিকিট না দেওয়ায় আজ এই ফল।
তিনটি পাঁঠার গলায় ঝোলানো জবার মালা, তাদের গলায় ঝুলছে নাম, অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। নাম লেখা তিন পাঁঠাকে নিয়ে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায় ঢুকলেন জামালপুরের বুড়োরাজ মন্দিরে। ৬ মে সেখানে পুজো দিতেও দেখা গেল তাকে। তপন চট্টোপাধ্যায়ের বক্তব্য, এই তিনজনের কারণেই এবারে তিনি পূর্বস্থলী উত্তর বিধানসভা থেকে টিকিট পাননি। তাই তিনি মানত করেছিলেন, এই তিনজন ভোটে হারলে ও তার সঙ্গে রাজ্যে তৃণমূলের ভরাডুবি হলে তিনি তিনটি পাঁঠা উৎসর্গ করবেন। তার মনস্কামনা পূর্ণ হওয়ায় তারই দলের তিন নেতৃত্বের নামে পাঁঠা উৎসর্গ করতে এসেছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক এই তপন চট্টোপাধ্যায়।
জামালপুর বুড়োরাজ শিবতলার প্রধান পুরোহিত বলেন, তিনি জীবনে এই ধরনের মন্ত্রীদের নামে পাঁঠা উৎসর্গ করেননি। এই প্রথম এই ধরনের ঘটনার সম্মুখীন হলেন।