সাংবাদিক বৈঠক করে বর্ধমানবাসীকে আশ্বস্ত করলেন বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র


সাংবাদিক বৈঠক করে বর্ধমানবাসীকে আশ্বস্ত করলেন বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র

৭ মে বর্ধমান উল্লাসে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, সারা রাজ্যজুড়ে গেরুয়া ঝড় উঠেছে। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রতেও গেরুয়া ঝড় লক্ষ্য করা গেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা এখানে জয়লাভ করার পর বর্ধমানসহ জেলার নানান প্রান্তে কিছু মানুষ গেরুয়া আবীর মেখে নানান অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে চলেছে। মৌমিতা বলেন, এরা কেউ ভারতীয় জনতা পার্টির কর্মী বা সমর্থক নয়। আমরা তাই সাধারণ মানুষকে আশ্বস্ত করেছি, যদি কোথাও কেউ আপনাদেরকে ভয় দেখায়, ঘরে ঢুকে অত্যাচার করে, দোকান ভাঙচুর করে, তাহলে সরাসরি এখানে আমাকে জানান, না হলে বিজেপির দলীয় কার্যালয়ে যোগাযোগ করুন। আমরা নিশ্চয়ই সেক্ষেত্রে পদক্ষেপ নেব। একইসঙ্গে প্রশাসনও এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। কোনোভাবেই কোনো হাঙ্গামা তৈরী করার পরিস্থিতিকে প্রশ্রয় দেওয়া হবে না। যদি কেউ মনে করে থাকেন, তারা রাতারাতি গেরুয়া আবীর মেখে সাধারণ মানুষের উপর অত্যাচার করবেন, তাহলে তারা ভুল করছেন। ভারতীয় জনতা পার্টি একটি নীতি ও আদর্শ মেনে চলে। এই দলে ওই ধরনের অপকর্ম করে আশ্রয় পাওয়া যায় না। তাই যারা এই ধরনের কাজ করছে, তাদের ব্যাপারে প্রশাসন কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।