টাউন স্কুলে তৈরী হবে আন্তর্জাতিক মানের স্যুইমিং পুল || জেলা তৃণমূলের এসসি-ওবিসি সেলের নতুন সভাপতিকে সম্বর্ধনা|| অল ইন্ডিয়া ইন্টার জোনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে রূপো জয় বর্ধমানের ইশানীর


1
টাউন স্কুলে তৈরী হবে আন্তর্জাতিক মানের স্যুইমিং পুল

বর্ধমান শহরের শতবর্ষ প্রাচীন টাউন স্কুলে একটি আন্তর্জাতিক মানের স্যুইমিং পুল তৈরী করা হবে বলে জানা গেছে। এ খবর জানিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন প্রাক্তনীর সম্পাদক বিশ্বজিৎ মল্লিক। তিনি জানান, বিদ্যালয়ের শতবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থেকে জেলাশাসক আয়েশা রাণী এ বিদ্যালয় প্রাঙ্গণে একটি স্যুইমিং পুল করার বিষয়ে আশ্বাস দিয়েছিলেন। জেলাশাসকের দেওয়া সেই আশ্বাস এবার পূরণ হতে চলেছে। এই স্যুইমিং পুল নির্মাণের লক্ষ্যে ১ ডিসেম্বর এলাকা পরিদর্শন করে গেছেন পিডাব্লিউডির বর্ধমান ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উজ্জ্বল দত্ত ও জুনিয়ার ইঞ্জিনিয়ার দিব্যেন্দু সাউ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম হোসেন চৌধুরী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রাক্তনীর পক্ষে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ মল্লিক, সুমিত রায়, অলোকেশ সাঁতরা প্রমুখ। জানা গেছে, এখানে যে স্যুইমিং পুলটি তৈরী হবে সেটি লম্বায় হবে ৫০ মিটার। এখানে ১২টি ট্রাক থাকবে। সামগ্রিক এই বিষয়টি জেলা প্রশাসনের পক্ষে দেখভাল করছেন অতিরিক্ত জেলাশাসক প্রতীক সিং। এই পুল নির্মাণের ক্ষেত্রে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কাজল চক্রবর্তী, বর্তমান প্রধান শিক্ষক শামীম হোসেন চৌধুরী সহ টাউন স্কুলে প্রাক্তনীর সদস্যদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন প্রাক্তনীর সম্পাদক বিশ্বজিৎ মল্লিক।

2
জেলা তৃণমূলের এসসি-ওবিসি সেলের নতুন সভাপতিকে সম্বর্ধনা

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের এসসি ও ওবিসি সেলের নতুন সভাপতি পদে আসীন হয়েছেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি। তিনি নতুন সভাপতি হওয়ার পর পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তাকে সম্বর্ধনাজ্ঞাপন করা হলো। বিভিন্ন ব্লক থেকে আগত তৃণমূলের এসসি – এসটি সেলের নেতৃত্বরা অলোক মাঝির হাতে পুষ্পস্তবক তুলে দেন। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর মহঃ ইসমাইল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। সম্বর্ধনার প্রত্যুত্তরে অলোক মাঝি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার এসসি ও ওবিসিদের জন্য অনেক কাজ করেছেন। বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন তপশিলি উপজাতি ভুক্তরা। বিভিন্ন প্রকল্পের সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও দেওয়া হবে।

3
অল ইন্ডিয়া ইন্টার জোনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে রূপো জয় বর্ধমানের ইশানীর

ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের পরিচালনায় গত ১ ও ২ ডিসেম্বর নিউ দিল্লীর তালকোটরা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া ইন্টার জোনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫। দেশের পাঁচটি জোনের প্রতিটি থেকে প্রতি বিভাগের সেরা দুজন করে ক্যারাটে খেলোয়াড় এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
ইস্ট জোনের সভাপতি হানশি প্রেমজিত সেনের নেতৃত্বে পূর্ব বর্ধমানের ইশানী গুপ্তা পূর্বাঞ্চল দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পান। ইশানী ১৬–১৭ বছর – ৪৮ কেজি মহিলা কুমিতে বিভাগে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে রৌপ পদক পান।
বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি রেনসি দেবাশিস কুমার মণ্ডল জানান, পূর্ব বর্ধমান জেলা থেকে এই প্রথম কোনো খেলোয়াড় ইন্টার জোনালে অংশগ্রহণ করলো। জেলার ক্রীড়ামহলে যা অত্যন্ত গর্বের বিষয়। সম্প্রতি ইস্ট জোনে বাংলার হয়ে সোনা জয়ের সুবাদে ইশানী এই জাতীয় স্তরের আন্তঃ জোনাল প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেন।
ইশানীর সাফল্যে বাংলা তথা পূর্ব বর্ধমানের ক্রীড়াপ্রেমী মানুষজন অত্যন্ত গর্বিত।