1
জেলায় কৃষিভিত্তিক শিল্পের উন্নতিতে গুরুত্ব
পূর্ব বর্ধমান জেলার ১৬ টি বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে নানান ফসল উৎপাদিত হয়। আর এই ফসলকে কেন্দ্র করে বেশকিছু কৃষিভিত্তিক bশিল্প গড়ে উঠেছে এখানে। এই শিল্পের প্রসারে ও উন্নতিতে ঋণ প্রদানের বিষয়টি অত্যন্ত জরুরি। আর সেই কাজটা করার ক্ষেত্রে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক যদি এগিয়ে আসে তাহলে তা কৃষিজ শিল্পের প্রসারে সহায়ক হয়ে উঠবে বলে উল্লেখ করলেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক। ১ ডিসেম্বর আইডিবিআই ব্যাঙ্ক বর্ধমান শাখার উদ্যোগে আয়োজিত ” ক্লাস্টার মিটিং অফ রাইস মিলার্স ” শীর্ষক এক সভায় উপস্থিত থেকে এই কথাগুলি বলেন উজ্জ্বল প্রামাণিক। তিনি বলেন, পূর্ব বর্ধমান জেলার শিল্প মূলত কৃষিভিত্তিক। যেমন এই জেলায় খণ্ডঘোষ ও রায়না ব্লক এলাকায় সুগন্ধি চাল উৎপন্ন হয়। তাই এই এলাকায় সুগন্ধি চাল উৎপাদনকারী ধান চাষে গুরুত্ব দেন চাষীরা। আর এখানকার রাইস মিল থেকে উৎপাদিত সুগন্ধি চাল এই দেশের বিভিন্ন প্রান্ত সহ বিদেশেও রপ্তানি হয়। যা এলাকার আর্থিক বিকাশে সহায়ক হয়। একইভাবে এই জেলার কালনা এলাকায় ধানের পাশাপাশি প্রচুর পরিমাণে আলু উৎপন্ন হয়। এই আলুকে কেন্দ্র করেও কালনা,মেমারি, জামালপুর এলাকায় ছোট ছোট শিল্প ইতিমধ্যেই গড়ে উঠেছে। এই শিল্পের আরও প্রসার প্রয়োজন। অন্যদিকে পূর্বস্থলী এলাকায় নানান সব্জি উৎপাদিত হয়। যে সমস্ত সব্জি থেকে জ্যাম, জেলি,আচার ইত্যাদি উৎপন্ন হয়। একে কেন্দ্র করেও ক্ষুদ্র শিল্পের উন্নতি সম্ভব। আর এইসব ক্ষুদ্র শিল্পের উন্নতিতে ব্যাঙ্ক ঋণ অত্যন্ত জরুরি। তাই আইডিবিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষ যদি এই সমস্ত কৃষিজ শিল্পের প্রসারে আরও বেশি করে এগিয়ে আসেন তাহলে এই জেলার অর্থনীতি অনেকটাই শক্তিশালী হতে পারে। এই ধরনের শিল্প যত বাড়বে ততই কর্মসংস্থানও বাড়বে। যার মধ্যে দিয়ে বেকার সমস্যার সমাধান করা সম্ভব। তাই এখানে যে রাইস মিলাররা উপস্থিত রয়েছেন তাদের কাছেও উজ্জ্বলবাবু আহ্বান জানান, রাইস মিল শিল্পের উন্নতিতে তারাও যেন এগিয়ে আসেন। ব্যাঙ্ক ঋণ গ্রহণের মধ্যে দিয়ে নিজেদের শিল্পের প্রসারে তারাও যেন উদ্যোগী হন।
2
খণ্ডঘোষে এসআইআর-এর কাজ ৮০ শতাংশের বেশি সম্পন্ন হয়েছেঃ দাবি অপার্থিবর
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে এসআইআর-এর ফর্ম ফিলাপের কাজ ৮০ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে বলে দাবি করলেন এই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম। তিনি বলেন, জেলার প্রতিটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা ক্যাম্প খোলা হয়েছিল। সেই ক্যাম্পে আগত ভোটারদের এসআইআর-এর ফর্ম পূরণ করার ব্যাপারে সবরকম সহযোগিতা করা হয়েছে। এই কাজ ইতিমধ্যেই আশি শতাংশ সম্পন্ন হয়ে গেছে। যেটুকু বাকি আছে তাও ইতিমধ্যেই সম্পন্ন হবে বলে উল্লেখ করেন অপার্থিব ইসলাম। তিনি বলেন, এসআইআর-এর ব্যাপারে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ফলে এই ফর্ম নেওয়া ও জমা দেওয়ার কাজ আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই সময়কালের মধ্যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা এলাকার প্রতিটি সাধারণ মানুষের পাশে থেকে তাদের এই কাজের সবরকম সহযোগিতা করবেন।


