1
রাজ্য বাজেট নিয়ে তৃণমূলের সাংবাদিক সভা জেলা কার্যালয়ে
৫ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এরই পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে ৬ ফেব্রুয়ারি এক সাংবাদিক সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়কবৃন্দ। এই সভায় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তী জনমুখী বাজেটে বাংলার সার্বিক উন্নয়নের বিষয়ে জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার যখন বিভিন্ন প্রকল্প বন্ধ করে দিচ্ছে, অর্থ সাহায্য আটকে রাখছে, তখন রাজ্যের মানুষের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনমুখী বাজেট তৈরী করেছেন। যেখানে ছাত্রছাত্রী, যুবক-যুবতী, মহিলা, বৃদ্ধবৃদ্ধা, কৃষক, শ্রমিক, রাজ্য সরকারি কর্মচারী সকলের কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। এদিনের সাংবাদিক সভায় এই বাজেট নিয়ে সংক্ষেপে আলোকপাত করেন পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নীলা মুন্সী। তিনি বলেন, এই বাজেট মানুষের জন্য, মানুষের দ্বারা তৈরী করা বাজেট। কেন্দ্রীয় সরকারের বাজেটে যেখানে কৃষকদের সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে, মহিলাদের উপেক্ষা করা হয়েছে, যুবকদের তারা ভুলে গেছে, প্রান্তিক মানুষদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেখানে পশ্চিমবঙ্গের বাজেট আশা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আলোকস্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। এটি কৃষক পক্ষের, মহিলা পক্ষের, যুব পক্ষের, এসসি এসটি ওবিসি পক্ষের বাজেট। যা সরাসরি মানুষের হাতে আর্থিক সাহায্য তুলে দিচ্ছে। একই সঙ্গে বাস্তব সমস্যার সমাধান দিচ্ছে। এই বাজেট তাই জনসাধারণের হিতার্থে তৈরী করা হয়েছে। এদিনের সাংবাদিক সভায় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের বিরোধী দলনেতা অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু তারা যদি ক্ষমতায় আসেন তবে তো প্রতিশ্রুতি পালন করবেন। এই রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রয়েছেন। তাই তারা তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়ে আগামী দিনে রাজ্যে তৃণমূলের সরকার গঠনে সহযোগিতা করবেন। এ প্রসঙ্গে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় বলেন, এবারের রাজ্য বাজেট সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। সব পক্ষের মানুষের কথা এই বাজেটে বিবেচনা করা হয়েছে। জনহিতকর এই বাজেট সকলের কাছেই গ্রহণযোগ্য হয়েছে।
2
বর্ধমানে ফিরে এলেন এসআইআর-য়ে শহীদ পরিবারের প্রতিনিধি দল
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ছর সঙ্গে এই রাজ্য থেকে দিল্লীতে গিয়েছিলেন এসআইআর প্রক্রিয়ায় নানাভাবে বঞ্চিত মানুষজন। এরমধ্যে এসআইআর-এর কারণে শহীদ পরিবারের সদস্যরা যেমন গিয়েছিলেন, তেমনই বিভিন্নভাবে হয়রানির শিকার হওয়া মানুষরাও রয়েছেন। ৬ ফেব্রুয়ারি তারা দিল্লী থেকে ট্রেনে বর্ধমান স্টেশনে এসে নামেন। এখানে তাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের এসটি সেলের নেতা দেবু টুডু , বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, কাউন্সিলর ইন্তেখাব আলম প্রমুখ। এ প্রসঙ্গে খোকন দাস বলেন, পূর্ব বর্ধমান জেলা থেকে এসআইআর-এর কারণে হয়রানির শিকার হওয়া মানুষজনরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে দিল্লীতে দোস্তি গিয়েছিলেন। নির্বাচন কমিশনের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের সমস্যার কথা তুলে ধরতে চেয়েছেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকার পর তারা এবার বর্ধমানে ফিরে এলেন। তাই এই হয়রানির শিকার হওয়া মানুষদের আমরা সম্বর্ধনা জানালাম, সম্মানিত করলাম। আমরা তাদের পাশে রয়েছি।


