দুঃস্থ মানুষদের সুবিধার্থে ওয়ার্ডে কমিউনিটি ল্যাট্রিন নির্মাণ | বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন কর্মসূচী এসএফআই-য়ের


1
দুঃস্থ মানুষদের সুবিধার্থে ওয়ার্ডে কমিউনিটি ল্যাট্রিন নির্মাণ

বর্ধমান শহরের ২৬ নম্বর ওয়ার্ডে দশটি পার্ট রয়েছে। বিভিন্ন পার্টে বেশকিছু দুঃস্থ পরিবারের বসবাস রয়েছে। এই মানুষদের সুবিধার্থে ২৬ নম্বর ওয়ার্ডে নটি কমিউনিটি ল্যাট্রিন আছে। এরমধ্যে কয়েকটি সংস্কারের কাজ ইতিপূর্বে হয়েছে। দুটি কমিউনিটি ল্যাট্রিন ইতিমধ্যেই নির্মাণ করা হয়েছে। বাকি একটির কাজ চলছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে ওয়ার্ডের কাউন্সিলর নাজমুন আরা বেগম বলেন, এলাকার মানুষের সুবিধার্থে এই কাজ করা হচ্ছে। কমিউনিটি ল্যাট্রিনগুলিতে জলের সংযোগও দেওয়া হয়েছে। ফলে এগুলি ব্যবহারের ক্ষেত্রে সমস্যা হবে না। যেহেতু এখানে বস্তি এলাকায় একত্রে বহু মানুষ বাস করেন, তাই তাদের সুবিধার্থে কমিউনিটি ল্যাট্রিনগুলি নির্মাণ করা হয়েছে। নাজমুন বলেন, এছাড়াও ওয়ার্ডের বেশকিছু রাস্তা ইতিপূর্বেই তৈরী করা হয়েছে। আরও কিছু রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু করা হবে। এতে ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াতে সুবিধা হবে। যারা বাইরে থেকে আসবেন তারাও এই সুবিধা পাবেন। যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

2
বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন কর্মসূচী এসএফআই-য়ের

১০ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই নির্দিষ্ট সময়কালেই কেন্দ্রীয় সরকারের নিয়োগ পরীক্ষা MTS রয়েছে। নির্দিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমেই জানানো হয়েছিল ৪ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এই পরীক্ষা গ্রহণ করা হবে। বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী তাদের স্নাতক পরীক্ষা ও MTS পরীক্ষার তারিখ একই দিনে পড়ে যাওয়ায় সমস্যার মুখে পড়েছে।
এই অবস্থায় ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে যে ছাত্রছাত্রীদের MTS পরীক্ষা রয়েছে তারা যাতে স্নাতক পরীক্ষার পাশাপাশি যাতে MTS পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তার জন্যে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়। এর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশনও দেয়া হয়।