1
৬০ বছর বয়সে অ্যাথলেটিক্সে চারটি সোনা একটি রৌপ পদক
৬০ বছর বয়সে অ্যাথলেটিক্সে চারটি সোনা ও একটি রৌপ পদক জিতে সাড়া ফেলে দিলেন বর্ধমানের এক প্রবীণ শিক্ষক। বর্ধমান রেলওয়ে বিদ্যাপীঠের শারীরশিক্ষা বিভাগের শিক্ষক অরূপ সাহা ২০০০ সাল থেকে নিয়মিত বর্ধমান পুলিশ লাইন মাঠে অনুশীলন করে চলেছেন। তারই ফলস্বরূপ এবার তার একসঙ্গে পাঁচটি পদক প্রাপ্তি। জানা গেছে হুগলি জেলার চুঁচুড়াতে অনুষ্ঠিত অষ্টম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক মিটে অংশ নিয়ে অরূপ সাহা ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়, লং জাম্প এবং ৪ ইনটু ১০০ মিটার মিক্সড রিলে রেসে স্বর্ণপদক জয়লাভ করেন। একই সঙ্গে ১০০ মিটার হার্ডলসে পান রৌপ পদক। এই প্রতিযোগিতায় মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ ইত্যাদি রাজ্য থেকে ৪০০ এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তার এই সাফল্যে আপ্লুত অরূপ সাহা বলেন, আমি ভাবতেই পারিনি এতগুলো সাফল্য একসঙ্গে আসবে। সত্যিই আজ খুব ভালো লাগছে। আমি এই রাজ্য ও পূর্ব বর্ধমান জেলার মুখ উজ্জ্বল করতে পারায় গর্ববোধ করছি। ছাত্র-ছাত্রীদের কাছে তার পরামর্শ, নিয়মিত খেলার মাঠে এসে তারা যেন অনুশীলন করে। প্রবীণদের কাছেও তার আবেদন তারাও যেন মাঠে এসে অন্তত হাঁটাহাঁটিটুকু করেন। তাতে শরীর এবং মন দুটোই সুস্থ থাকবে বলে মনে করেন অরূপ সাহা।
2
সিনার্জিতে কৃষিভিত্তিক শিল্পে গুরুত্ব উজ্জ্বলের
দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যার সমাধান ও সম্ভাবনা নিয়ে সিনার্জি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার ও চন্দ্রনাথ সিংহ। ছিলেন চারটি জেলার সভাধিপতি, জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকরা। এই সম্মেলনে উপস্থিত থেকে বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক বলেন, এখানে শিল্পপতিদের বিভিন্ন সমস্যার সমাধান ও সম্ভাবনা নিয়ে আলোচনার আয়োজন করা হয়েছে। শিল্পপতিদের নানান শিল্পে বিনিয়োগের ব্যাপারেও তাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, পূর্ব বর্ধমান জেলা হলো কৃষিভিত্তিক জেলা। তাই কৃষিজাত শিল্প স্থাপনে শিল্পপতিরা এই জেলায় অগ্রণী ভূমিকা নিতে পারেন। কারণ এই ব্যবসা এখানে যথেষ্ট লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, পূর্ব বর্ধমান জেলায় আগামী এক থেকে দেড় বছরের মধ্যে ৫৯০ কোটি টাকার ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে শিল্পপতিদের সঙ্গে আলাপ আলোচনা করা হয়েছে।


