সার্ভিকাল ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ ও বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক

 


সার্ভিকাল ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ ও বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক

এবার ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য রাজ্যব্যাপী বিনামূল্যে HPV (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকাকরণ কর্মসূচী শুরু হয়েছে। এই উপলক্ষ্যে শুক্রবার বর্ধমান পৌরসভার ঝুরঝুরেপুল স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়।
এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র। স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, এদিন প্রায় ৪৫ জন কিশোরীকে HPV টিকা প্রদান করা হয়। টিকাকরণ সম্পন্ন হওয়ার পর প্রত্যেকের হাতে শংসাপত্র তুলে দেন বিধায়ক।
বিশেষজ্ঞদের মতে, HPV টিকা সার্ভাইকাল বা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিশোরী বয়সেই এই টিকাকরণ ভবিষ্যতে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমাতে সহায়ক।
অন্যদিকে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে একই দিনে ঝুরঝুরেপুল স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচীরও আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশ নেন উপস্থিত অতিথি ও স্বাস্থ্যকর্মীরা।
উল্লেখ্য, ৫ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। এদিন বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, “একটি গাছ মায়ের নামে” কর্মসূচী বর্তমানে সারা রাজ্যজুড়ে পালিত হচ্ছে। তিনি সকলের উদ্দেশ্যে আহ্বান জানান, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও সমান গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষায় প্রত্যেক মানুষের সক্রিয় অংশগ্রহণই আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী গড়ে তুলতে পারে বলেও তিনি উল্লেখ করেন। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার।