রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হয়ে ক্ষুদিরাম টুডু বর্ধমানে এলেন তার স্ত্রী ও কন্যার সঙ্গে দেখা করতে
২৫ বৈশাখ শপথ নিয়েছেন তিনি।রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডু একেবারেই সাদামাটা সরল মানুষ। বাঁকুড়ার রাণীবাঁধ বিধানসভার জঙ্গলে ঘেরা প্রত্যন্ত গ্রাম বাগডুবি থেকে বড় হয়েছেন। সেখানেই জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। তারপর কর্মজীবন শুরু হয় বর্ধমানে। বর্ধমানের কালনা গেট এলাকায় একটি ভাড়া বাড়িতে তিনি থাকতেন। প্রায় ৩০ বছর বর্ধমানের বাণীপীঠ হাইস্কুলের শিক্ষক ছিলেন। রবিবার বর্ধমানের কালনা গেটে নাড়ি মোড়ে ভাড়া বাড়িতে এসেছিলেন তিনি। তারপর তিনি বিজেপির জেলা কার্যালয়ে সময় কাটালেন বেশ কিছুক্ষণ। দায়িত্ব পাওয়ার পর নিজের বিধানসভা বাঁকুড়ার রাণীবাঁধ বাগডুবি গ্ৰামকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি। জানিয়েছেন ওই এলাকায় কোনো উন্নয়ন হয়নি। এখনও মাটির রাস্তা। গ্রামের মানুষরা কষ্টে রয়েছেন। ক্ষুদিরাম জানিয়েছেন, বিজেপি সরকারের মূল লক্ষ্য দুর্নীতিমুক্ত প্রশাসন, আর মানুষের জন্য কাজ। সেটাই তারা করে দেখাতে চান।
এদিন নাড়ি মোড়ে তার ভাড়া বাড়িতে উপস্থিত সহধর্মিনী মালতি টুডু জানালেন, তিনি বাঁকুড়ার ওই গ্রামেই মানুষের সেবায় কাজ করবেন। তিনি নিজে আশাকর্মী হিসেবে এই এলাকায় কাজ করতেন। আর সেই কাজ এখনও করবেন বলে জানিয়েছেন। তাদের একমাত্র কন্যা মেডিকেলে পড়াশোনা করবে। মালতি দেবী জানিয়েছেন ক্ষুদিরাম বাবুর পাশে সবসময় থেকেছেন , সাহস জুগিয়েছেন। তৃণমূলের শাসনকালে তাদের ওপর চাপ কম আসেনি, তবুও সেই চাপ উপেক্ষা করে এগিয়ে গেছেন। কোনো সময়েই স্কুলের শিক্ষাকতার কাজে ফাঁকি দেননি। কিন্তু ছুটি পেলেই দলের জন্য সময় দিতেন তিনি। নিজের গ্রামের এলাকায় চলে যেতেন ক্ষুদিরাম টুডু।


