“আমার উপরে আর কোনও বড় নেতা নেই” — বিজেপির বিজয় মিছিল থেকে দাবি বিশ্বদেবের


“আমার উপরে আর কোনও বড় নেতা নেই” — বিজেপির বিজয় মিছিল থেকে দাবি বিশ্বদেবের

এই রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রান্তে। ৯ মে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর রবিবার রাজ্যের একাধিক জায়গায় অনুষ্ঠিত হয় বিজয় মিছিল। সেই আবহেই পূর্ব বর্ধমানের মেমারির দেবীপুর এলাকায় রবিবার আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বিজয় মিছিলের।
দেবীপুর স্টেশন থেকে শুরু হওয়া এই মিছিলে অংশগ্রহণ করেন বিজেপি নেতা বিশ্বদেব ভট্টাচার্য সহ একাধিক দলীয় নেতৃত্ব। পাশাপাশি সাধারণ মানুষ, যুব সমাজ এবং এলাকার বহু মা-বোনেদের উপস্থিতিতে মিছিল কার্যত জনসমুদ্রে পরিণত হয়। “জয় শ্রীরাম” স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বাজনা ও ডিজের তালে উচ্ছ্বাসে মাতেন কর্মী-সমর্থকরা। আবীর খেলাতেও সামিল হতে দেখা যায় বহু মানুষকে।
মিছিলটি দেবীপুর স্টেশন থেকে শুরু হয়ে কালীমন্দির পর্যন্ত যায়। এরপর পুনরায় স্টেশন ঘুরে জি টি রোড মোড় সংলগ্ন এলাকায় এসে শেষ হয় এই শোভাযাত্রা। গোটা কর্মসূচীতে নিরাপত্তার দিকটি নজরে রেখে মোতায়েন ছিল মেমারি থানার পুলিশ প্রশাসন। এদিন মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বদেব ভট্টাচার্য বলেন,
“মেমারিতে আমার উপরে কোনও বড় নেতা নেই। শুধু মেমারি নয়, বর্ধমানেও আমার উপরে কোনও বড় নেতা নেই। মানুষ পরিবর্তন চাইছিল, আর মানুষই ভোট দিয়ে সেই পরিবর্তন এনেছে।” তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তার এই মন্তব্য ঘিরে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা।