1
ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন
ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন হলো পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর নাদনঘাটে। এখানে নাদনঘাট পঞ্চায়েতের অন্তর্গত দীর্ঘপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র থেকে একটি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র চালু করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিএমওএইচ সাইন্যাক সোম, বিশিষ্ট সমাজসেবী রাজকুমার পান্ডে, নাদনঘাট পঞ্চায়েতের প্রধান মিঠু দাস প্রমুখ। স্বপন দেবনাথ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ব্যবস্থাকে শহর থেকে একবারে গ্রামের তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দিতে চেয়েছেন। আর সেই লক্ষ্য নিয়েই গ্রামীণ শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার প্রক্রিয়া জারি রয়েছে। ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাও সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবাকে যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য কার্যকর করা হয়েছে। রাজকুমার পান্ডে বলেন, ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের বিষয়টি মুখ্যমন্ত্রী গ্রামীণ এলাকার মানুষদের কথা চিন্তা করে বাস্তবায়িত করেছেন। আমরা আশা রাখছি, এর সুফল স্থানীয় এলাকার মানুষরা অবশ্যই পাবেন।
2
অঙ্কুশকে পাশে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত ভক্তরা
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বাদুলিয়ায় চলছে বাদুলিয়া মনের মেলা। যেখানে প্রতিদিনই থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি অংশগ্রহণ করছেন কলকাতা ও মুম্বাইয়ের শিল্পীরাও। বাদুলিয়া মনের মেলার অনুষ্ঠান মঞ্চে ১৯ ডিসেম্বর রাতে এসেছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অঙ্কুশ। তাকে দেখার জন্য এদিন মেলার মঞ্চের সামনে ভিড় জমিয়েছিলেন চলচ্চিত্রপ্রেমী মানুষরা। বিশেষ করে স্থানীয় যুবক-যুবতীদের মধ্যে এই নায়ককে কেন্দ্র করে উৎসাহ ও উদ্দীপনা ছিল যথেষ্ট। অঙ্কুশও বাদুলিয়া মনের মেলায় এসে খোলা মনে সকলের সঙ্গেই সেলফি তোলেন। মেলার মঞ্চে ও মঞ্চের সামনে তার গুণমুগ্ধ ভক্তদের অভিনেতার সঙ্গে সেলফি তোলায় মগ্ন থাকতে দেখা যায়।
3
পড়ুয়াদের নিয়মিত স্কুলে পাঠানোর আহ্বান
বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে গুরুত্ব দিতে পূর্ব বর্ধমান জেলার ভাতারের বানেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ে দুটি নবনির্মিত শ্রেণীকক্ষের উদ্বোধন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার চক্রের এসআই মৌমিতা সরকার, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন্ত বন্দোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানে মৌমিতা সরকার উপস্থিত অভিভাবকদের কাছে বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়মিত স্কুলে পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, বিদ্যালয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। রাজ্য সরকার ছাত্রছাত্রীদের শিক্ষার গুণগতমান বাড়ানোর লক্ষ্যে পরিকাঠামগত উন্নয়নে গুরুত্ব দিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জানে আলম বলেন, জেলাশাসকের তহবিল থেকে এই বিদ্যালয়ে শ্রেণীকক্ষগুলি নির্মাণ করা হয়েছে। এরফলে ছাত্রছাত্রীদের লেখাপড়া করার অনেকটাই সুবিধা হবে। শিক্ষার গুণগতমানও অনেকটাই বাড়বে।


