
বিশ্ব সাইকেল দিবস পালন করা হলো বর্ধমানে। উদ্যোক্তাদের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়, সাইকেল শুধু একটি যানবাহন নয়, এটি সুস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক সাশ্রয়ের প্রতীক। তারা বলেন, নিয়মিত সাইকেল চালালে শরীর সুস্থ থাকে, হৃদরোগ, ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি কমে। একই সঙ্গে সাইকেল পরিবেশ বান্ধব হওয়ায় বায়ুদূষণ ও শব্দদূষণ হ্রাস পায়। পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এবার এই বার্তাকে সামনে রেখে পরিবেশপ্রেমী সংগঠন মিলিত প্রয়াস, ফিট ইন্ডিয়া ও স্টার্ট আপ ফাউন্ডেশন-এর সহযোগিতায় একটি সাইকেল রালির আয়োজন করা হয় শহর বর্ধমানে। উদ্যোক্তাদের তরফ থেকে প্রতনু রক্ষিত ও পার্থপ্রতিম মিত্র জানান, সাইকেল চালানোর উপকারিতা সংক্রান্ত বার্তা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই ১০০ জন আরোহীকে নিয়ে এই সাইকেল র্যালির আয়োজন করা হয়। এই সাইকেল র্যালিতে ১০ বছর থেকে শুরু করে ৭০ বছর বয়স্ক মানুষরা সকলেই অংশগ্রহণ করেন। এই অভিনব উদ্যোগে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। র্যালিতে অংশ নেওয়া প্রত্যেকেই চান, সাইকেল চালানোর বিষয়টি নিয়ে যেন সাধারণ মানুষের মধ্যে আরও উৎসাহ বাড়ে। তবেই সার্থক হবে তাদের এই দিনটি পালনের উদ্দেশ্য।


