জামালপুরে তৃণমূলের দুই দাপুটে নেতা গ্রেপ্তার
জেলার জামালপুর ব্লকের ২ তৃণমূল নেতা গ্রেপ্তার হলেন পুলিশের হাতে। যারা নিজের এলাকায় দাপুটে নেতা হিসেবেই পরিচিত। পুলিশ সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অপরাধে পুলিশ গ্রেফতার করে জামালপুরের ২ প্রভাবশালী নেতাকে। একজন বেড়ুগ্রাম অঞ্চলের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সাহাবুদ্দিন ওরফে দানি। আর একজন জামালপুর ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলি মন্ডল। এছাড়াও গ্রেফতার হয় বেড়ুগ্রাম অঞ্চল সভাপতি সেখ সাহাবুদ্দিন ওরফে দানির গাড়িচালক সেখ মানিক। ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠিয়েছে জামালপুর থানার পুলিশ। এদিকে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমেন হাজরা বলেন, আসলে এরা নেতার থেকে এলাকায় সন্ত্রাসী হিসেবেই বেশি পরিচিত। বিভিন্ন সময় বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই তৃণমূল সমর্থিত নেতারা। পুলিশ আগে স্বাধীনভাবে কাজ করতে পারত না। এখন বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে পুলিশ নিজেদের মতো কাজ করতে পারছে বলেই অপরাধীদের গ্রেপ্তার করেছে। রাজ্যজুড়ে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। এখান থেকেই সেটা বোঝা যায়।


